প্রথম ম্যাচে ছাড়িয়েছিলেন দেশের সবাইকে। দ্বিতীয় ম্যাচে গড়লেন ইতিহাস। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ৫ উইকেটে করে পাওয়া প্রথম বোলার হয়ে গেলেন জিম্বাবুয়ের পেসার ব্রায়ান ভিটরি। এর আগে প্রথম দুই ম্যাচে ৮ উইকেট করে পাওয়ার কৃতিত্ব ছিল মোট ৬ বোলারের। ওয়ানডে ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭ উইকেট পাওয়ার ম্যাচটি ছিল উইনস্টন ডেভিসের মাত্র দ্বিতীয় ম্যাচ, অভিষেক ম্যাচে ক্যারিবিয়ান পেসার উইকেট পেয়েছিলেন একটিই। ডেভিসের উত্তরসূরি কার্টলি অ্যামব্রোসের শুরু প্রথম দুই ম্যাচে ৪ উইকেট করে নিয়ে, পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে ১৯৮৮ সিরিজে। অভিষেকে ৬ উইকেট পাওয়া ফিদেল এডওয়ার্ডস পরের ম্যাচে পেয়েছিলেন দুটি। ৫ উইকেট নিয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল ‘শ্বেতবজ্র’ অ্যালান ডোনাল্ডের, পরের ম্যাচে তিনটি। ডোনাল্ডের উত্তরসূরি রাস্টি থেরনের আবার উল্টো, তিনটি নিয়ে অভিষেক, পরের ম্যাচে ৫। আর ইংলিশ অলরাউন্ডার অ্যাডাম হোলিওকের শুরু ছিল দুই ম্যাচে ৪ উইকেট করে নিয়ে।