প্রথম পরীক্ষায় যুবারা সবাই ‘পাস’
যুবাদের দিয়ে করোনা পরীক্ষার প্রথম ধাপটা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে স্বস্তির খবরই মিলেছে। বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু হওয়ার আগে কাল যে ১৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকে ‘পাস’, অর্থাৎ নেগেটিভ হয়েছেন।
কাল আমরা যে ক্রিকেটার, কোচিংস্টাফসহ মোট ২৭ জনের পরীক্ষা করিয়েছিলাম, প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে। খানিক আগে ওদের সবাইকে বিকেএসপিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’আবু ইমাম মোহাম্মদ কাওসার, ব্যবস্থাপক, বিসিবি গেম ডেভেলপমেন্ট
বিসিবির গেম ডেভলেপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার আজ সকালে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘কাল আমরা যে ক্রিকেটার, কোচিংস্টাফসহ মোট ২৭ জনের পরীক্ষা করিয়েছিলাম, প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে। খানিক আগে ওদের সবাইকে বিকেএসপিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
২৩ আগস্ট বিকেএসপিতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্যাম্প। তার আগে করোনা নেগেটিভ হতে হবে সবাইকে। সেটিরই অংশ হিসেবে কাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় যুবা ক্রিকেটারদের নমুনা নেওয়া হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনেই। প্রথম দিনে মোট ১৫ ক্রিকেটারের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। কোচ, টিমবয়, গাড়িচালকসহ নমুনা নেওয়া হয়েছে আরও ১২ জনের। নেগেটিভ আসা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা শুরু কাল।
বাকি ক্রিকেটারদের নমুনা নেওয়া হবে কাল ও বৃহস্পতিবার। যুব দলের খেলোয়াড়, কোচ, সহকারীসহ প্রায় ৬০ জনের করোনা পরীক্ষা করবে বিসিবি।