প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সফরের শুরুটা ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ। মূল প্রতিযোগিতা শুরু না হলেও প্রথম প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের কাছে তিন উইকেটে হেরে গেছে মুশফিক বাহিনী।প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তামিম ইকবাল ও দীর্ঘদিন পরে দলে ফেরা মোহাম্মদ আশরাফুল শুরুটা ভালোভাবে করলেও পরে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করেছিলেন তামিম (২৯) ও আশরাফুল (৩২)। এরপর ১২ রান করেছেন জুনায়েদ। ২৮ রান করে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ। এ ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জিম্বাবুয়ে একাদশের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন গ্রায়েম ক্রেমার ও ম্যালকম ওয়ালার। ক্রেমার মাত্র ১৪ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। আর ওয়ালার পেয়েছেন তিনটি উইকেট।১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি জিম্বাবুয়ের নির্বাচিত একাদশ। স্কোরবোর্ডে ৬০ রান জমা করতেই সাজঘরে ফিরেছিলেন ছয়জন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। তবে এরপর চিগুম্বুরা ও ক্রেমারের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকেরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন চিগুম্বুরা। আর ৩০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ক্রেমার। এ দুটি ইনিংসের সুবাদে সাত উইকেট হারিয়ে তিন বল হাতে রেখেই জয় তুলে নেয় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন আবুল হাসান, ইলিয়াস সানি ও মাহমুদুল্লাহ। মাশরাফি পেয়েছেন একটি উইকেট।