প্রথম ফাইনাল অস্ট্রেলিয়ার
৩২১ রানের বড় সংগ্রহ গড়ে তোলার পর জয়টা অনেকখানি সহজ মনে হয়েছিল অস্ট্রেলিয়ার জন্য। তবে সিবি সিরিজের প্রথম ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা পেতে বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিকদের। ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০৬ রান করে জয়ের অনেকটা কাছাকাছিই পৌঁছে গিয়েছিল লঙ্কানরা। তবে শেষ পর্যন্ত ১৫ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। আর এই জয় দিয়ে তিন ম্যাচের ফাইনালে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।৩২২ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেট লির তোপের মুখে পড়েন লঙ্কান ব্যাটসম্যানরা। ৭ ওভারের মধ্যেই দুই ওপেনার মাহেলা জয়াবর্ধনে ও তিলকারত্নে দিলশানকে সাজঘরে পাঠান এই ডানহাতি পেসার। ৪৯ বলে ৪২ রানের ইনিংস খেলে লির শিকারে পরিণত হন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। এরপর অফস্পিনের ঘূর্ণিতে একে একে চান্দিমাল, থিরিমানে, মাহারুফ, কুলাসেকারাকে ঘায়েল করেন ডেভিড হাসি। তবে আউট হওয়ার আগে ৪৩ বলে ৭৩ রানের ঝোড়ো এক ইনিংস খেলে কিছুক্ষণের জন্য হলেও লঙ্কানদের মনে জয়ের আশা জাগিয়েছিলেন কুলাসেকারা। আরেক প্রান্তে ৬০ রান করে উপুল থারাঙ্গাও বেশ ভালোই লড়াই চালিয়েছিলেন। সপ্তম উইকেটে এই দুই ব্যাটসম্যান গড়েছিলেন ৬৯ বলে ১০৪ রানের জুটি। ৪৬তম ওভারে শেন ওয়াটসনকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ডেভিড হাসির হাতে ধরা পড়েন থারাঙ্গা। হার মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়ার পরও শেষ মুহূর্তে ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে যেন অসম্ভবকেই সম্ভব করতে যাচ্ছিলেন ধাম্মিকা প্রসাদ। কিন্তু অপর প্রান্তে রঙ্গনা হেরাথ ও লাথিস মালিঙ্গা শেন ওয়াটসনের শিকারে পরিণত হলে শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়তে হয় লঙ্কানদের।অস্ট্রেলিয়ার পক্ষে চারটি উইকেট নিয়েছেন ডেভিড হাসি। তিনটি করে উইকেট পেয়েছেন ব্রেট লি ও শেন ওয়াটসন। এর আগে ১৫৬ বলে ১৬৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ৩২১ বড় সংগ্রহ এনে দেন ডেভিড ওয়ার্নার।