প্রথম বলে উইকেট, অ্যাশেজে ৮৫ বছর পর স্টার্ক

ম্যাচের প্রথম ওভারে উইকেট তুলে নেওয়ার ব্যাপারে দুর্দান্ত স্টার্কছবি : এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ররি বার্নসকে ব্রিসবেন টেস্টের প্রথম বলেই ফেরালেন অস্ট্রেলিয়া ফাস্ট বোলার মিচেল স্টার্ক। সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় ঢুকে গেলেন তিনি।

আজ থেকে ৮৫ বছর আগে এই ব্রিসবেনেই ইংল্যান্ডের স্টান ওয়ার্ডিংটনকে অ্যাশেজ সিরিজের প্রথম বলেই আউট করেছিলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার এর্নি ম্যাককরমিক। সেটি ছিল কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট। কী আশ্চর্য! স্টার্ক অ্যাশেজ সিরিজে সেই রেকর্ডের পুনরাবৃত্তি করলেন এমন এক দিন, যেদিন প্যাট কামিন্সের অভিষেক হলো টেস্ট অধিনায়ক হিসেবে।

প্রথম বলেই ররি বার্নসকে বোল্ড করে কি অ্যাশেজের গতিপথই ঠিক করে দিলেন মিচেল স্টার্ক?
ছবি : এএফপি

এমনিতে টেস্টের প্রথম ওভারে উইকেট তুলে নেওয়া স্টার্কের জন্য ডালভাতই। এর আগেও ম্যাচের প্রথম ওভারে উইকেট তুলে নিয়েছেন তিনি। ২০১৪ সালে টেস্ট অভিষেকের পর থেকে এর আগে আরও ১২ বার তিনি ম্যাচের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছিলেন। আজ ১৩তম বার ম্যাচের প্রথম ওভারে উইকেট নিয়ে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে ছাড়িয়ে গেলেন স্টার্ক। অ্যান্ডারসন মোট ১২ বার টেস্টের প্রথম বলেই উইকেট নিয়েছেন।

পরিসংখ্যানই বলছে, ম্যাচের প্রথম ওভারে উইকেট তুলে নেওয়ার ব্যাপারে দুর্দান্ত স্টার্ক। টেস্টে ১৩ বারের পাশাপাশি তিনি ওয়ানডে ম্যাচেও ১৯ বার প্রথম ওভারেই উইকেট নিয়েছেন। ২০১৫ বিশ্বকাপের ফাইনালের প্রথম ওভারেই তুলে নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। ওয়ানডেতে প্রথম ওভারে উইকেট নেওয়ার ঘটনাগুলোর মধ্যে স্টার্কের সবচেয়ে প্রিয় বোধ হয় সেটিই। ওয়ানডে ক্রিকেটেও তিনি সবচেয়ে বেশিবার প্রথম ওভারে উইকেট নিয়েছেন। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। তিনি ১২ বার এ কীর্তি গড়েছেন।

আজ ব্রিসবেনে ১২ ওভার বোলিং করে ৩৫ রানে ২ উইকেট নিয়েছেন স্টার্ক। অথচ এই স্টার্ককেই আজ না নেওয়ার পক্ষে কথা বলেছিলেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তাঁর মনে হয়েছিল, স্টার্ক ব্রিসবেনে ইংলিশ ব্যাটিংকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট ফর্মে নেই। তিনি ঝাই রিচার্ডসনকে স্টার্কের জায়গায় খেলানোর কথা বলেছিলেন।

টেস্টের প্রথম বলেই উইকেট নিয়ে স্টার্ক যেন ওয়ার্নকে মোক্ষম এক জবাবই দিলেন। সঙ্গে ঢুকে গেলেন ইতিহাসেও।