প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হলো সিসিএসকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ অক্টোবর ফতুল্লা স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচে সময়মতো মাঠে উপস্থিত না হওয়ায় ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) দলকে প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। সিসিডিএমের কালকের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। গত প্রিমিয়ার লিগে অনেকটা একই কারণে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছিল সূর্যতরুণকে।

কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিমিয়ার লিগের রুলস অ্যান্ড রেগুলেশনসের ধারা-৮-এর বিধান অনুযায়ী প্লেয়িং কন্ডিশনের উপবিধান মেনেই এই সিদ্ধান্ত। তবে একই ম্যাচে ম্যাচ রেফারি সামিউর রহমানও সিসিএস দলের সঙ্গে দেরিতে মাঠে পৌঁছালেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সিসিডিএম। এ ব্যাপারে জানতে কাল সিসিডিএম প্রধান জালাল ইউনুস ও সদস্যসচিব রাকিব হায়দারকে ফোন করা হলেও দুজনের মুঠোফোনই বন্ধ পাওয়া গেছে।

সিসিএস কর্মকর্তা ইকবাল ইউসুফ চৌধুরী অবনমনের সিদ্ধান্তের প্রতিবাদ করে বলেছেন, ‘ম্যাচ রেফারির রিপোর্ট মানলে এই সিদ্ধান্ত নেওয়ার কথা না। সিসিডিএমের এমন সিদ্ধান্তের তাই কোনো যুক্তি নেই। ম্যাচ রেফারির রিপোর্টকে অবৈধ বলার কোনো সুযোগ নেই।’ সিসিডিএমের পক্ষ থেকে এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গেও নাকি আলাপ করেছেন তাঁরা, ‘বিসিবি সভাপতি আমাদের বলেছেন তিনি সভাপতি থাকাকালে কোনো দলকে রেলিগেশন লিগ খেলা ছাড়া অবনমন করা হবে না। আমরা প্রয়োজনে আবারও তাঁর সঙ্গে দেখা করব। তার পরও যদি সিসিএসকে নামিয়ে দেওয়া হয়, আইনের আশ্রয় নেব।’

ওদিকে ঈদুল আজহার ছুটির পর ২৭ অক্টোবর থেকে আবারও শুরু হবে প্রিমিয়ার ক্রিকেট লিগ।