প্রথম বিশ্বকাপ উরুগুয়ের
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যখন উরুগুয়েকে দেওয়া হলো, ঠিক সেই সময় প্রথম বিশ্বকাপ আয়োজনের ইচ্ছাপোষণকারী কয়েকটি দেশ এর প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয়। অর্থাত্ রাজনৈতিক বিতর্ক দিয়েই শুরু হয়েছিল আজকে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা। বিশ্বময় যার পরিচিতি ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে। ফিফা উরুগুয়েকে এ প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়ার পরপরই এর প্রতিবাদে ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেন প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। ইউরোপীয় দেশগুলোর উরুগুয়ের প্রতি উন্নাসিকতার অন্য একটি কারণ ছিল। সেই সময় জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের যে ব্যাপার প্রচলিত ছিল, তাতে ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকার উরুগুয়েতে যাওয়াটা ছিল বেশ খরচান্ত। যদিও স্বাগতিক উরুগুয়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী ইউরোপীয় দেশগুলোর যাতায়াত ও থাকা খাওয়ার খরচ জোগাতে প্রস্তুত ছিল। প্রথম বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাস আগেও ইউরোপীয় দেশেগুলোর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল একপ্রকার অনিশ্চিত। এমনকি লাতিন আমেরিকার অন্য দেশগুলোও এ ঘটনায় ইউরোপের দেশগুলোকে ইন্ধন যুগিয়ে যেতে থাকে। এমনকি তারাও ফিফাকে হুমকি দিয়ে রাখে, ইউরোপের দেশগুলো প্রথম বিশ্বকাপে অংশ না নিলে তারাও বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার।শেষ পর্যন্ত ফিফার সভাপতি জুলেরিমেকে হস্তক্ষেপ করতেই হয়। তিনি ফুটবলের স্বার্থেই ইউরোপসহ অন্য দেশগুলোর উন্নাসিকতা পরিহার করার আহ্বান জানান। তাঁর কথাতে শেষাবধি চিঁড়া ভিজে। কয়েকটি ইউরোপীয় দেশ বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়। যদিও জুলেরিমের অনুরোধ সত্ত্বেও জার্মানি, নেদারল্যান্ডস, চেকোশ্লোভাকিয়া, স্পেন ও সুইডেন তাদের গোঁ অব্যাহত রেখে এ প্রতিযোগিতায় অংশ নেয়নি। ১৯৩০ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৩টি দেশকে নিয়ে। এরা হলো—আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, চিলি, ফ্রান্স, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্র, রোমানিয়া, বেলজিয়াম, বলিভিয়া, যুগোশ্লাভিয়া ও স্বাগতিক উরুগুয়ে।বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়ে। সেবার যোগ্যতর দল হিসেবেই উরুগুয়ানদের মাথায় উঠেছিল বিশ্বসেরার ‘তাজ’। বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার দুই বছর আগে উরুগুয়ে ও আর্জেন্টিনা অলিম্পিক ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছিল। সে সময়ে ফুটবলশৈলী ও শক্তিমত্তার বিচারে এই দুই দলই ছিল বিশ্বসেরা। ফাইনালে তারা প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থেকেও প্রতিবেশী আর্জেন্টিনাকে হারিয়েছিল ৪-২ গোলে। সেমিফাইনালে উরুগুয়ে ও আর্জেন্টিনা উভয়েই যথাক্রমে যুগোশ্লাভিয়া ও যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলে বিধ্বস্ত করে দিয়ে ফাইনালে স্থান করে নেয়। ফ্রান্স ও মেক্সিকোর নাম আসবে অন্য আরেক কারণে। ১৯৩০ সালের ১৩ জুলাই এই দুই দল উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে মাঠে নেমে ইতিহাস সৃষ্টি করে।আজকের দিনে বিশ্বকাপ বা এ জাতীয় কোনো প্রতিযোগিতায় কমপক্ষে বছরখানেক আগেই দল চূড়ান্ত হয়ে যায়। গ্রুপিংও সম্পন্ন হয়ে যায় প্রতিযোগিতা শুরু হওয়ার অনেক আগে, গ্রুপিংয়ে কোন দল কোন গ্রুপে পড়েছে ইত্যাদি এখন দলগুলোর প্রস্তুতিরই অংশ। অথচ ভাবতে অবাক লাগে ১৯৩০ সালের বিশ্বকাপ শুরু হওয়ার আগের দিন পর্যন্তও আমন্ত্রিত সব দলের অংশগ্রহণে অনিশ্চয়তা থাকায় গ্রুপিং চূড়ান্ত হতে পারছিল না। শেষ পর্যন্ত বিশ্বকাপ শুরু হতে কয়েক ঘণ্টা বাকি থাকতে ১৩টি দলকে চূড়ান্ত করে গ্রুপিং সম্পন্ন করা হয়।আর্জেন্টিনার গুইলারমো স্তাবিল সর্বোচ্চ আট গোল করে এ প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতাই কেবল হননি, সবদিক বিচারে শ্রেষ্ঠত্বের নিরিখে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো খেলোয়াড়ই সেবার ছিলেন না। ১৯৩০ সালের বিশ্বকাপে কোনো তৃতীয় স্থান নির্ধারণী খেলা ছিল না। আরও একটি চমকপ্রদ তথ্য হলো—প্রথম বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য রোমানিয়ার জাতীয় দলের খেলোয়াড়েরা অনেক কাঠ-খড় পুড়িয়েছিলেন। কারণ, সে সময় ফুটবল তাঁদের সখ হলেও পেশা ছিল না। সব খেলোয়াড়ই বিভিন্ন জায়গায় চাকরি করতেন। কোনোমতেই চাকরি থেকে ছুটি পাচ্ছিলেন না তাঁরা। শেষ পর্যন্ত রাজা ক্যারলের বিশেষ নির্দেশে নিজ নিজ থেকে প্রতিষ্ঠান ও পেশা থেকে ছুটি নিয়েই তাঁরা বিশ্বকাপ খেলতে এসেছিলেন। আজ ২০১০ সালে ১৯৩০ সালের বিশ্বকাপে খেলা মাত্র একজন ফুটবলার বেঁচে আছেন। তিনি হলেন আর্জেন্টিনার ফ্রান্সিসকো ভ্যারাল্লো। প্রথম বিশ্বকাপে খেলার সুখস্মৃতি নিয়ে বিশ্বের তাবত্ ফুটবলামোদীকে তিনি আজও স্মৃতি কাতর করে চলেছেন।