প্রথম ম্যাচটাই পর্তুগালের ‘ফাইনাল’!
ছবিটা ঠিক গত বিশ্বকাপের মতো। ২০০৬ জার্মানি বিশ্বকাপে পর্তুগাল দলে লুই ফিগোর মতো একজন বড় তারকা ছিলেন। অন্যদের তো তাঁর আড়ালেই পড়ে থাকার কথা! কিন্তু তা হয়নি, ফিগোর ছায়া পেছনে ফেলে একজন ঠিকই পাদপ্রদীপের আলো কেড়ে নিয়েছিলেন। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো।এবার রোনালদো নিজেই মহাতারকা। তাঁর দ্যুতিতে ম্লান হয়ে যাওয়ার কথা পর্তুগালের অন্য খেলোয়াড়দের। কিন্তু তা হচ্ছে না। গত বিশ্বকাপে রোনালদো যে অবস্থানে ছিলেন, পর্তুগাল দলে এবার সেই জায়গাটায় এবার নানি। রোনালদোর তারকাদ্যুতিতে ম্লান না হয়ে বিশ্বকাপে যাওয়ার আগেই তারকাদ্যুতি ছড়াচ্ছেন তিনিও। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন নানি। এর আগে দারুণ একটা মৌসুমই কাটালেন ম্যানচেস্টার ইউনাইটেডে। রোনালদো ম্যানইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছিল, সেটা তেমন টের পেতে দেননি এই পর্তুগিজ উইঙ্গারই। ম্যানইউর এই ফর্মটাই নানিকে ভরসা দিচ্ছে প্রথম বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে, ‘আমি আসলে ম্যানইউতে এই মৌসুমটা নিয়ে সন্তুষ্ট। আমি বিশ্বকাপে যাচ্ছি অনেক পরিণত একজন খেলোয়াড় হয়ে। অনেক অভিজ্ঞতাও হয়েছে আমার। পর্তুগালের জন্য এটা খুব কাজে দেবে।’নিজের জন্য আর দেশের জন্য বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চাইলে সত্যি অনেক কাজ করতে হবে নানিকে। যে গ্রুপে তারা পড়েছে, সেটিকে এবারের বিশ্বকাপের ‘মৃত্যু উপত্যকা’ বলা হচ্ছে। ‘জি’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ ব্রাজিল, আইভরিকোস্ট আর উত্তর কোরিয়া। ৪৪ বছর পর আবার বিশ্বকাপ খেলতে আসা উত্তর কোরিয়া তেমন কঠিন প্রতিপক্ষ হয়তো নয়। তবে ব্রাজিল আর আইভরিকোস্টের বাধা পেরিয়ে পর্তুগাল দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে তো? চারদিকে কথা হচ্ছে এটা নিয়েই। নানি যথেষ্টই আত্মবিশ্বাসী, ‘এটা সত্য, আমরা একটা কঠিন গ্রুপে পড়েছি। তবে আমাদের বিশ্বাস, আমরা ভালো করব। দলের মনোভাবটা ইতিবাচক।’১৫ জুন আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ অভিযান। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা কতদূর যেতে পারবে, তার একটা হিসাব এই ম্যাচ থেকেই পাওয়া যাবে। দিদিয়ের দ্রগবার আইভরিকোস্টের বিপক্ষে এই ম্যাচ নিয়ে কী ভাবছেন নানি? আমার মনে হয়, এই ম্যাচটা আমাদের জন্য বিশ্বকাপের প্রথম বড় “ফাইনাল”। আইভরিকোস্টের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচটাই টুর্নামেন্টে আমাদের ভাগ্য নির্ধারণ করে দেবে’—বলেছেন নানি।পর্তুগালের ভাগ্যটাকে ইতিবাচক করতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন দুজন—রোনালদো ও নানি। চারদিকে তো বলাবলি রোনালদো আর নানি মিলেই পর্তুগালের বিশ্বকাপ-স্বপ্নটা অনেক দূর টেনে নিতে পারেন। তবে নানির মুখে অন্য কথা। কোনো ব্যক্তির ওপর নয়, তিনি দলীয় শক্তিতে বিশ্বাসী, ‘পর্তুগাল শুধু ক্রিস্টিয়ানো আর আমার দল নয়।’ ওয়েবসাইট।