প্রথম ম্যাচে উইন্ডিজের জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর কদিন আগে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ জানান দিল, তারা ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে যথার্থই চ্যাম্পিয়ন।
মাত্র এক স্পিনার নিয়ে একাদশ সাজানো, মারলন স্যামুয়েলসের ক্যাচ ফেলে দেওয়া। মাশুলটা ম্যাচ হেরেই দিল ইংল্যান্ড। পরশু ব্রিজটাউনে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৭ রানে হেরেছে ইংলিশরা। স্যামুয়েলসের ৪৬ বলে অপরাজিত ৬৯ রানের সৌজন্যে ৩ উইকেটে ১৭০ রান করে স্বাগতিকেরা। জবাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে ৯ উইকেটে ১৪৩ পর্যন্ত যেতে পারে ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন টিম ব্রেসনান।
পরশু ইংল্যান্ডের একমাত্র স্পিনার ছিলেন জেমস ট্রেডওয়েল। ৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট, ১৫টি ডট বল—এই অফস্পিনারের বোলিং বিশ্লেষণ আক্ষেপই বাড়িয়েছে অধিনায়ক ব্রডের। তবে ট্রেডওয়েলই আবার স্যামুয়েলসের ক্যাচটা ফেলেছেন। ১৮তম ওভারের প্রথম বলে জীবন পাওয়া স্যামুয়েলস জেড ডার্নব্যাখের পরের পাঁচ বলেই মেরেছেন বাউন্ডারি। এই পাঁচটিসহ মোট ১০টি চার স্যামুয়েলসের ইনিংসে, ছক্কা একটি। ৩৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন চোট কাটিয়ে দলে ফেরা ক্রিস গেইল।
৩৩ বছর বয়সী স্যামুয়েলস পরে তাঁর অফ স্পিনে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। অন্য দুই স্পিনার স্যামুয়েল বদ্রি (৩/১৭) ও সুনীল নারাইন (১/৮) মিলে নিয়েছেন ৪ উইকেট। আজ একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ। ওয়েবসাইট।