প্রথম ম্যাচে নেই আমিনুল
ফিফা র্যা ঙ্কিংয়ে ৯৬তম স্থানে থাকা উজবেকিস্তানের মুখোমুখি হতে এমনিতেই সাহস লাগে। তার ওপর গোলরক্ষক আমিনুল জ্বরে আক্রান্ত। এশিয়ান গেমস ফুটবলে আজ বাংলাদেশের শুরুটা হচ্ছে মানসিকভাবে অনেক পিছিয়ে থেকে। গুয়াংজু থেকে টেলিফোনে বাংলাদেশ দলের সহকারী কোচ সাইফুল বারী জানিয়েছেন, ঢাকা থেকে যাওয়ার দিনই জ্বর ছিল আমিনুলের। গুয়াংজু পৌঁছে জ্বর উঠে যায় ১০৪ ডিগ্রি পর্যন্ত। গেমস-পল্লিতে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের অধিনায়কের। আশার কথা, রিপোর্টে খারাপ কিছু আসেনি। দ্রুত সেরে উঠছেন আমিনুল। চিকিৎসক বলেছেন, ভাইরাস জ্বর; ঠিক হয়ে যাবে।দ্বিতীয় ম্যাচে আমিনুল খেলতে পারবেন? সাইফুল নিশ্চিত করে কিছু বলেননি, ‘আমিনুল প্রথম ম্যাচটা খেলছে না এটা নিশ্চিত। পরের দুটি ম্যাচের ব্যাপারে আমাদের আশা আছে। তবে এখনই চূড়ান্ত কিছু বলা কঠিন।’এমনিতেই ওয়ালি ফয়সাল, আতিকুর ও জাহিদ প্রথম ম্যাচ খেলতে পারবেন পুরো ফিট না হওয়ায়। তার ওপর আমিনুলকে ছাড়া ১৯৯৪ হিরোশিমা এশিয়াডে সোনাজয়ী উজবেকিস্তানের সামনে দাঁড়ানো বাংলাদেশের জন্য বড় কঠিন পরীক্ষা হয়ে গেল।এশিয়াডে এই প্রথম মুখোমুখি হলেও এর আগে এশিয়ান গেমসের বাছাইয়ে তিনবার সাক্ষাৎ হয়েছে এই দুই দলের। তিনবারই বাংলাদেশের বড় পরাজয়। ১৯৯৯ সালে আরব আমিরাতে ০-৬, ২০০৬ সালে অ্যাওয়ে ম্যাচে ০-৫ ও ঢাকায় ০-৪।কাল মিনিট পাঁচেক উজবেকিস্তানের অনুশীলন দেখেছে বাংলাদেশ দল। ‘ওরা উচ্চতা ও শারীরিকভাবে বেশ এগিয়ে। আর খুব দ্রুতগতিরও’— প্রতিপক্ষকে অনুশীলনে দেখার প্রতিক্রিয়া সাইফুলের কণ্ঠে। যাওয়ার আগে বাংলাদেশ কোচ রবার্ট রুবচিচের মুখে ছিল সাহসী উচ্চারণ, ‘আমরা ওদের সমীহ করব। তবে ভয় পাব না।’ বাংলাদেশের দায়িত্ব নিয়ে আজই প্রথম নামছেন এই ক্রোয়েশিয়ান। আমিনুলকে হারানো তাঁর জন্য বড় ধাক্কাই। স্থানীয় সময় বিকেল চারটায় (বাংলাদেশ সময় ২টা) শুরু হবে ম্যাচ।ওদিকে স্ট্রাইকার তৌহিদুলকে নিয়ে একটা সমস্যা হয়েছিল গুয়াংজু বিমানবন্দরে। অ্যাক্রিডিটেশন কার্ডই ভিসা। কিন্তু তৌহিদুলের ওই কার্ডে কিছু ভুল থাকায় তাঁকে আটকে দেয় কর্তৃপক্ষ। কিছুতেই চীনে প্রবেশ করতে দেওয়া হবে না জানানো হয়। অনেক দেনদরবারের পর ভিসা নিয়ে তবেই তাঁর প্রবেশ।বাংলাদেশের প্রার্থনা, মাঠের বাইরের এসব ঝামেলা যেন মাঠে বেশি প্রভাব না ফেলে!