প্রথম ম্যাচেই আলো ছড়ালেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সি গায়ে হাসিমুখে সাকিব। প্রথম ম্যাচেই হাসল তাঁর ব্যাটও।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সি গায়ে হাসিমুখে সাকিব। প্রথম ম্যাচেই হাসল তাঁর ব্যাটও।

ব্যাট হাতে যখন নামলেন, সাকিব আল হাসান সম্পর্কে কৌতূহল দেখা গেল ধারাভাষ্য কক্ষে। ডাগআউটে বসা অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ সরাসরি যুক্ত হলেন ভাষ্যকারদের সঙ্গে। সাকিব কেমন খেলোয়াড়—এসব প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল কোচকে। কিন্তু আসল উত্তর সাকিবই দিলেন, ২২ গজের উইকেটে।

আজ অ্যাডিলেড ওভালে বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৩০ বলে ৪৬ রানের ইনিংসটি দিয়ে সাকিব যেন দর্শকদের উদ্দেশে বললেন, ‘হ্যালো অস্ট্রেলিয়া।’ শুধু ব্যাট হাতে নয়, এদিন বল হাতেও আলো ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ রান করার পর বল হাতেও দলের সেরা বোলার। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট। কিন্তু দুর্ভাগ্য, অসাধারণ অলরাউন্ডার নৈপুণ্যের পরও জিততে পারেনি তাঁর দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। সিডনি সিক্সার্সের বিপক্ষে হারতে হয়েছে ৬ উইকেটে। পরাজয় দিয়ে শুরু হলেও ব্যাটে-বলে রঙিন শুরুই হলো সাকিবের।

বল হাতে সাকিব ফিরিয়েছেন সিডনির ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক মাইকেল লাম্বকে (৫৪)। এ ছাড়া সাকিবের ঘূর্ণি বিষে নীল হয়েছেন সিডনি অধিনায়ক মজেস হেনরিকসও। ম্যাচে যে কবার অ্যাডিলেডের জয়ের স্বপ্ন উঁকি দিয়েছে তা মূলত সাকিব ও মাইকেলে নেসেরের কিপ্টে বোলিংয়ের কল্যাণেই। নিজের প্রথম ওভারে দুটো চার হজম করতে হলেও দ্বিতীয় ওভারে এসেই ফিরিয়েছেন হেনরিকসকে। ওই ওভারে দিয়েছেন মাত্র দুই রান। ৫ ওভার পর আক্রমণে এসে আবার ফিরিয়েছেন বিপদবার্তা দিতে থাকা লাম্বকে। নিজের শেষ ওভারে ৪ রান দিয়ে দলকে ফিরিয়ে এনেছিলেন কক্ষপথে। বার বার দলের ত্রাতা হয়ে উঠেছেন প্রথম ম্যাচেই।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমেও হাল ধরেছিলেন দলের। ৩২ রানে অ্যাডিলেড স্ট্রাইকার্স হারায় ৪ উইকেট। দলকে এমন বিপর্যয় থেকে টেনে তোলেন সাকিব। মার্কাস নর্থের বলে দুই রান নিয়ে শুরু করলেন। ব্যস, চলতে থাকল ১৫.৬ ওভার অবদি। এর মাঝে অবশ্য ২৫ রানে একবার ‘হাফ চান্স’ দিয়েছিলেন। কঠিন ক্যাচটা নিতে পারেননি সিডনির বোলার।

এরপর সাকিব যেন আরও আগ্রাসী হয়ে ওঠেন। ডিপ মিড উইকেট দিয়ে ও’কিফের বল দড়ির ওপর দিয়ে সীমানা পার করালেন। সে এমনই ছক্কা, বলই খুঁজে পাওয়া গেল না কিছুক্ষণ! হ্যাজলউডের বলে স্কুপ করে যে বাউন্ডারিটি আদায় করলেন, সেটিও কি কোনো অংশে কম! ব্যক্তিগত রানের চাকা তো ঘুরছিল, সঙ্গে দলেরও। রেয়ারডনের সঙ্গে পঞ্চম উইকেটে সর্বোচ্চ ৮০ রানের জুটি গড়লেন।

হ্যাজলউডকে মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির একদম কাছেই ধরা পড়লেন ও’কিফের হাতে। থামল সাকিব-ঝড়। কিন্তু ততক্ষণে অ্যাডিলেড ওভাল দেখে ফেলেছে ৩০ বলে ৪৬ রানের মুগ্ধতা-জাগানিয়া এক ইনিংস! সেই ইনিংসে তাঁর প্রিয় স্লগ সুইপ ছিল, ছিল ডিপ মিডউইকেটের ওপর দিয়ে হাঁকানো দুটো ছক্কা, এমনকি স্কুপও।

মূলত সাকিবের ৪৬ ও নাথান রেয়ারডনের ৪৩ রানের ওপর ভর করেই অ্যাডিলেড স্ট্রাইকার্সের সংগ্রহ ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯। সংগ্রহটা ভদ্রস্থ হলেও টি-টোয়েন্টিতে জয়ের জন্য যথেষ্ট ছিল না। সাকিবের দল হারল ৬ উইকেটে।

অ্যাডিলেডেই এই প্রথম খেলার অভিজ্ঞতা হলো তাঁর। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রতিযোগিতায় সূচনা ভালোই হলো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের। ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন পরিসংখ্যানে। কেবল দল জেতেনি বলেই পেলেন না ম্যাচসেরার পুরস্কার।

সাকিবের দলের পরের ম্যাচ ৯ জানুয়ারি, মেলবোর্ন স্টারসের বিপক্ষে।