প্রথম ম্যাচেই জয় প্রথম আলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ ওভারে ১১৮ রান! বলপ্রতি ৩ রানেরও বেশি। অবাস্তবই ঠেকতে পারে অনেকের কাছে। রেকর্ড বুকে উঁকিঝুঁকি দেওয়ার চিন্তাও আসতে পারে অনেকের মাথায়। তবে ঘটনাটা বাস্তবের হলেও সেটা কোনো পেশাদারি ক্রিকেটের নয়। প্রাণ ফ্রুটো-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে প্রথমবারের মতো অংশ নিয়ে এই কীর্তিটি করে দেখালেন প্রথম আলোর সাংবাদিকেরা। মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে আজ প্রথম খেলায় নিউ নেশনকে ৫৮ রানে হারিয়েছে প্রথম আলো। ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি ৩৪ ও ফয়সাল ৩১ রান করেছেন।

জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউ নেশন সংগ্রহ করতে পেরেছে ৬০ রান। প্রথম আলোর পক্ষে বল হাতে দুটি উইকেট পেয়েছেন তারেক মাহমুদ।

সাংবাদিকদের মধ্যে প্রীতি-সৌহার্দ্য বৃদ্ধির জন্য বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয়েছে এই প্রাণ ফ্রুটো-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট। এখানে অংশ নিচ্ছে দেশের ২৬টি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া দল। আট গ্রুপের সেরা আট দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।