প্রথম ম্যাচের আগে...
দুই দলের ক্রিকেটারদের নাম পাশাপাশি বসান। প্রতিদ্বন্দ্বিতাই হওয়ার কথা নয়। কিন্তু মাঠের লড়াই তো আর খাতার হিসাব মেনে হয় না। ভারত-বাংলাদেশের ম্যাচ তাই এই বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচগুলোর একটি। গত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। পরে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ে ভারত। এবার শুধু নিজেদের নয়, টুর্নামেন্টেরই প্রথম ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে এই দুই দল। ভারতের ওপেনার বীরেন্দর শেবাগ এরই মধ্যে ম্যাচটিকে বলেছেন প্রতিশোধের ম্যাচ। ওই বিশ্বকাপের পর অনেক অদলবদল দেখেছে ভারতের ক্রিকেট। উন্নতির ধারায় দেশটি এখন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে, ওয়ানডে র্যাঙ্কিংয়ের দুইয়ে। তবে বাংলাদেশের কাছে হারের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন শেবাগ, ‘বিশ্বকাপে বাংলাদেশের হারটা আমরা এখনো ভুলতে পারিনি। ওদের বিপক্ষে আবার খেলার জন্য আমাদের তর সইছে না। আমি আত্মবিশ্বাসী এবার আমরা গতবারের চেয়ে ভালো করব।’মহেন্দ্র সিং ধোনি অবশ্য প্রতিশোধ তত্ত্ব-টত্ত্ব খুব একটা বিশ্বাস করেন না। ভারত অধিনায়ক সতীর্থদের বলেছেন জয়-পরাজয়ের কথা মাথায় না রাখতে, ‘জয়-পরাজয় নিয়ে আমাদের ভাবা উচিত নয়, মনোযোগ দেওয়া উচিত ছোট ছোট জিনিসগুলো ঠিকঠাকভাবে করার দিকে। এটুকু করতে পারলেই সবকিছু ভালোভাবে হবে।’ ক্রিকেটে ছোট ছোট জিনিসগুলোই অনেক সময় বড় পার্থক্য গড়ে দেয়, ধোনির কথা তাই ঠিক। তবে শেবাগের বক্তব্য থেকেই পরিষ্কার গত বিশ্বকাপের ম্যাচটি এখনো তাড়িয়ে বেড়ায় ভারতীয়দের। ১৯ ফেব্রুয়ারি মিরপুরে মাঠে নামার সময় তাই ২০০৭ সালের পোর্ট অব স্পেন ঠিকই মনে পড়বে গম্ভীর-যুবরাজদের। ধোনির বক্তব্য তাই দলের ওপর থেকে চাপ কমানোর কৌশলও।ভারত অবশ্য প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে কঠিন লড়াইয়ের পর ৩-২-এ সিরিজ হারলেও দুটি প্রস্তুতি ম্যাচে তারা হারিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে কানাডাকে উড়িয়ে দিলেও হেরে গেছে কানাডার কাছে। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে চাপ আরও বেড়েছে ভারতের ওপর। তবে শুধু ভারতের ওপর নয়, চাপ এবার থাকবে বাংলাদেশের ওপরও। গত বিশ্বকাপে ভারতকে হারিয়ে দেওয়ার আশা অনেকেই করেননি, বাংলাদেশের ক্রিকেটাররাও নির্ভার হয়ে খেলতে পেরেছে। কাগজে-কলমে শক্তির ফারাক এখনো অনেক। কিন্তু এবার অনেকেরই আশা, গত বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাবে বাংলাদেশ। এই অনন্ত চাপই হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা। এএফপি।