প্রথম রাউন্ড মেসিরই
মেসি: ৭.৫কাকা: ৬.৫রোনালদো: ৬.০ভাববেন না দুনিয়া-কাঁপানো ত্রিমূর্তির পারিশ্রমিকের কথা বলা হচ্ছে। পাশে মিলিয়ন ডলার বসিয়ে দিলেই হলো! এটি প্রথম ম্যাচে বিশ্বকাপের তিন মহাতারকার পারফরম্যান্সের মূল্যায়ন। সবচেয়ে আগে মাঠে নেমেছেন মেসি। গত পরশু আগে-পরে রোনালদো ও কাকা। কিন্তু ফিফার বর্তমান বর্ষসেরা খেলোয়াড় মেসি যতটা আলো ছড়াতে পেরেছেন, সাবেক দুই বর্ষসেরা রোনালদো ও কাকা ততটা নন। তিনজনের মধ্যে ব্যবধান কতটা ছিল, বিশেষজ্ঞ প্রণীত এই মাপদণ্ডই সেটি পরিষ্কার বলে দিচ্ছে। কাকাকে পরিষ্কার ১ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছেন মেসি। টাকার মূল্যে ফুটবল ভুবনের সবচেয়ে দামি তারকা রোনালদোকে তো আরও, দেড় পয়েন্ট! যদিও তিনজনের মধ্যে ফিফার ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন শুধু রোনালদোই।অবাক হওয়ার কিছু নেই। সেখানে তো বিবেচিত ম্যাচের সেরা পারফরম্যান্স, মেসি-কাকার সঙ্গে তুলনা নয়। রোনালদোর পিছিয়ে থাকার কারণ হতে পারে, পোর্ট এলিজাবেথে প্রচণ্ড ঠান্ডার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভালো খেলার জন্য ছিল একেবারেই বৈরী। কাকাও উত্তর কোরিয়ার বিপক্ষে যখন এলিস পার্কে দৌড়াতে শুরু করলেন, তাপমাত্রা ছিল মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস, খেলা শেষে নেমে দাঁড়াল মাইনাস চারে। সে তুলনায় ১২ জুন নাইজেরিয়ার বিপক্ষে মেসি খেলেছেন দারুণ আবহাওয়ার মধ্যে। হালকা একটু বাতাস থাকলেও তাপমাত্রা শূন্যের ওপরেই ছিল। পেশাদার খেলোয়াড়দের জগৎটা বড় নিষ্ঠুর। এখানে তাপমাত্রা, হাওয়ার দাপট, বৃষ্টিকে অজুহাত বানানোর কোনো সুযোগ নেই। এখানে সবাই বলবে, পরিস্থিতি তোমার জন্য যেমন ছিল অন্যের জন্যও তা-ই, তুমি কতটা করতে পারলে সেটাই আসল। উত্তর কোরিয়া ম্যাচেই যেমন দুই কোরীয় খেলোয়াড় রি কুয়াং-চন ও জং তায়-সে কাকার চেয়ে বেশি নম্বর পেয়েছেন (৭.৫)।তবে এই রাতে একেবারে বাজি ধরে বলে দেওয়া যায়, মাঠের প্রায় ৫৪ হাজার দর্শকের চোখই প্রথম খুঁজেছে কাকাকে। কখন বল পায়ে আসবে রোনালদোর পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়ের! কাকা প্রথম বলে পা ছোঁয়াতে পারলেন ম্যাচের দ্বিতীয় মিনিটেই। কিন্তু পা দিতে না দিতেই ছোঁ মেরে বল কেড়ে নিলেন কোরীয় মিডফিল্ডার আন ইয়ং-হাক। ভুভুজেলার কান ফাটানো শব্দের মধ্যেও গ্যালারির গর্জনটা শোনা গেল, ‘কাকা!’ পরের শব্দগুলো আপনি বসিয়ে নিতে পারেন, ‘এ কী হলো!’পরে অবশ্য নিজের সেরা ফর্মের ঝলক কয়েক মুহূর্ত দেখিয়েছেন কাকা। প্রথমার্ধে তেরছা করে রবিনহোকে দেওয়া পাসটি জানিয়ে দিল—আরে, এই তো সেই খেলোয়াড় যাঁর পায়ের জাদু দেখতে বহু ব্যয় করে বহু পথ ঘুরে স্টেডিয়ামে আসা যায়। ৭৮ মিনিটে উঠে যাওয়ার খানিক আগে মাঝবৃত্তের কেবলই নিচে থেকে বাঁ প্রান্ত বরাবর কয়েকটি গোটা দুয়েক দৌড় লাগিয়েছেন। তখন মনে হয়েছে উসাইন বোল্ট না হলেও আসাফা পাওয়েল। ম্যান অব দ্য ম্যাচ মাইকনের দেওয়া গোলের উৎসমুখেও ছিলেন। তবে মাঝেমধ্যেই যেন কোথায় হারিয়ে যাচ্ছিলেন, বুঝে উঠতে পারছিলেন না কী করবেন। একের বিপক্ষে এক পরিস্থিতিতে বল কাড়তে পারছিলেন না। কেমন যেন মরচে পড়া ভাব। যাঁর আলো গায়ে মাখবে বলে বিশ্বকাপ অপেক্ষা করে আছে, তাঁকে এভাবে দেখাটা আনন্দদায়ী নয়। কারণ হতে পারে, চোট আঘাতের রেশ এখনো জড়িয়ে আছে তাঁকে। এখানে এসেও বলেছেন, এক-একটা করে ম্যাচে একটু একটু করে ফিরে পাওয়ার চেষ্টা করবেন নিজেকে। প্রথম ম্যাচে অন্তত পারলেন না। শারীরিক অস্বস্তি তাঁর কাছ থেকে বিদায় হয়নি এখনো। কিন্তু ব্রাজিল দলের প্রধান চিকিৎসক অবশ্য জানিয়েছিলেন, প্রথম ম্যাচ থেকেই কাকাকে পাওয়া যাবে শতকরা শতভাগ ফিট! ব্রাজিলের দুশ্চিন্তা বাড়ছে এখানেই। কাকার মাথার ওপরের অনিশ্চয়তার কালো মেঘখণ্ডটি এখন ছড়িয়ে পড়ছে গোটা ব্রাজিল শিবিরেই। তবে একটা স্বস্তির জায়গা যে রবিনহো ভালো খেলেছেন। ম্যাচের মূল্যায়নে সর্বোচ্চ ৮ পেয়েছেন। ৭ মিনিটের মাথায় একটা শটে কাঁপিয়ে দিয়েছিলেন উত্তর কোরিয়াকে। শীতের ছোবলে গ্যালারিতে সাম্বার দল ছিল উষ্ণতার খোঁজে, খেলায় সাম্বা যা উপহার দিয়েছেন তা ওই রবিনহো। রবিনহোর পায়ে বল গেলেই ব্রাজিলিয়ান সমর্থকেরা চিৎকার করে উঠছিলেন, ‘হোভিনিও!’কাকার ক্লাব-সতীর্থ রোনালদো কেমন করলেন? আইভরিকোস্টের সঙ্গে প্রথম দিকে দুর্দান্ত কিছু মুহূর্ত রচনা করেছেন সেই ইনসাইড আউটসাইড ডজের নয়ন মনোহর প্রদর্শনীতে, একবার বিদ্যুচ্চমক শটে পোস্টেও লাগিয়েছেন। কিন্তু প্রতিপক্ষের বক্সে সেই বিধ্বংসী রোনালদো তিনি ছিলেন না। মাঝে মাঝেই পরাজিত সৈনিকের পিছু হটা মনোভাব! কাকাকে ছাড়াও হয়তো ব্রাজিল চালিয়ে নিতে পারবে, কিন্তু রোনালদো ছাড়া পর্তুগাল যে একেবারেই অসহায়।প্রথম ম্যাচের পারফরম্যান্সে মেসিই এক নম্বর। আর্জেন্টিনার ছোট্ট জাদুকরের কাছেই মনে হয় জাদুদণ্ডটি লুকিয়ে রেখেছে আফ্রিকার প্রথম বিশ্বকাপ!