প্রথম রাউন্ডেই ইসনার-মাহুত
টেনিস ইতিহাসের দীর্ঘতম ম্যাচের রেকর্ডটা কি এবারই ভেঙে দিতে চলেছে উইম্বলডন? এবারও প্রথম রাউন্ডে মুখোমুখি জন ইসনার ও নিকোলাস মাহুত, গতবারের ঐতিহাসিক ম্যাচটির পুনরাবৃত্তির আশা জাগিয়ে। পরশু উইম্বলডনের ড্রতে যখন ইসনারের প্রতিপক্ষ হিসেবে মাহুতের নাম ঘোষণা করা হলো, হাসির রোল উঠল কক্ষজুড়ে। গতবার ১১ ঘণ্টা ৫ মিনিট স্থায়ী টেনিস ইতিহাসের দীর্ঘতম ম্যাচটিতে জিতেছিলেন মার্কিন ইসনার।ফ্রেঞ্চ ওপেনের মতো এখানেও রাফায়েল নাদাল ও রজার ফেদেরার পড়েছেন ড্রয়ের দুই দিকে। ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই তাঁদের। যুক্তরাষ্ট্রের মাইকেল রাসেলকে দিয়ে শুরু হচ্ছে শীর্ষ বাছাই নাদালের উইম্বলডন শিরোপা ধরে রাখার লড়াই। সবকিছু ঠিক থাকলে শেষ ষোলোতে দেল পোত্রো ও শেষ আটে গতবারের রানার্সআপ টমাস বার্ডিচের মুখোমুখি হবেন দুবারের চ্যাম্পিয়ন, সেমিতে পাবেন অ্যান্ডি মারেকে।সাতটি উইম্বলডন জিতে পিট সাম্প্রাসের রেকর্ড ছোঁয়ার স্বপ্ন দেখছেন ফেদেরার। তবে ফ্রেঞ্চ ওপেনের মতো এখানেও সেমিতে নোভাক জোকোভিচের সঙ্গে দেখা হয়ে যেতে পারে তাঁর। বেশ আত্মবিশ্বাস নিয়েই অল ইংল্যান্ড ক্লাবে যাচ্ছেন ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী তারকা, ‘যখনই আমি চোখ বন্ধ করি এবং উইম্বলডনের কথা ভাবি, শুধু একটা ছবিই মনে আসে আমি ট্রফি উঁচিয়ে ধরছি। এই ছবিটাই আমি সবচেয়ে উজ্জ্বল দেখি।’মহিলা এককের ড্রতে দুই অর্ধে পড়েছেন দুই বোন সেরেনা ও ভেনাস উইলিয়ামস। উইম্বলডনে গত ১১ আসরে ৯ বারই চ্যাম্পিয়ন হয়েছেন এই দুই বোন। ফ্রেঞ্চ ওপেনজয়ী লি নার অভিযান শুরু হবে রাশিয়ার অ্যালা কুদরিয়াভসেভার বিপক্ষে ম্যাচ দিয়ে। এএফপি।