প্রথম রাউন্ডেই বিদায় ভাভরিঙ্কার

একজন এসেছিলেন ট্রফি কেসে গ্র্যান্ড স্লামের সেট পুরো করতে। আরেকজন গ্র্যান্ড স্লামে প্রথম ম্যাচ জিততে। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনে একবার করে চ্যাম্পিয়ন হয়ে গেছেন স্তান ভাভরিঙ্কা। সুইজারল্যান্ডের টেনিস খেলোয়াড়ের সামনে হাতছানি ছিল এবারের উইম্বলডন জিতে ইতিহাসের মাত্র ষষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে সব কটি গ্র্যান্ড স্লাম শিরোপা ঘরে তোলার। কিন্তু হলো না, পরশু ভাভরিঙ্কাকে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিলেন রাশিয়ার অখ্যাত দানিল মেদভেদেভ।
র্যাঙ্কিংয়ে বিশ্বের ৪৯তম খেলোয়াড় মেদভেদেভ বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ভাভরিঙ্কাকে হারিয়েছেন ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-১ গেমে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া মেদভেদেভ ম্যাচ পয়েন্টটা জিতেই হাঁটু গেড়ে বসে পড়েন কোর্টে, চুমু খান সেন্টার কোর্টের ঘাসে। উদ্যাপনটা নাকি আগেই ভেবে রেখেছিলেন ২১ বছর বয়সী রুশ খেলোয়াড়, ‘(শেষ সেটে) ৫-১ হয়ে যাওয়ার পর ভাবতে থাকলাম ম্যাচ শেষে কী করব। আমি ঘাসে চুমু খেলাম, কারণ গ্র্যান্ড স্লামে আমার এটাই প্রথম জয়। যদিও সাধারণত উইম্বলডন জিতেই মানুষ এমন উদ্যাপন করে। আমার প্রথম জয়, সেটাও কিনা উইম্বলডনের সেন্টার কোর্টে!’
কখনোই উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল পেরোতে না পারা ভাভরিঙ্কার বিপক্ষে ছিল ঘাসের কোর্টে নিজের ইতিহাস ও হাঁটুর চোট। লন্ডনের কুইন্স ক্লাবে উইম্বলডনের প্রস্তুতি টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ভাভরিঙ্কা, হেরেছিলেন ফেলিসিয়ানো লোপেজের কাছে। সেই চোটটাই কাল আবার ফিরে এল দ্বিতীয় সেট চলার সময়। ওই সেটটা জিতে ম্যাচে সমতা আনার পর বেশ সময় নিয়েই চিকিৎসা নিয়েছিলেন ভাভরিঙ্কা। কিন্তু তাতে তেমন কাজ হয়নি, চতুর্থ সেটে তো নড়াচড়া করতেই কষ্ট হয়েছে ফেদেরারের ডেভিস কাপ সতীর্থের।
অন্যদিকে ঘাসের কোর্টে ভালো প্রস্তুতি সেরেই উইম্বলডনে এসেছেন মেদভেদেভ। ইস্টবোর্নে সেমিফাইনাল ও কুইন্স ক্লাবে কোয়ার্টার ফাইনালে ওঠা রুশ তরুণের তারপরও যেন বিশ্বাস হচ্ছিল না কী করেছেন, ‘এক বছর আগে আমি ছিলাম বিশ্বের ২৫০তম খেলোয়াড়। সে সময়ে কেউ যদি বলত, আমি শুধু সেন্টার কোর্টে খেলবই না জিতবও, আমি তাকে বলতাম, “রসিকতা করছেন, তাই না?”’ বিবিসি, গার্ডিয়ান।
ফেদেরার ও জোকোভিচের জয়
ভাভরিঙ্কা পারেননি, তবে পুরুষ টেনিস শীর্ষ পাঁচের অন্য চার তারকাই উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। পরশু প্রথম রাউন্ডে জিতেছেন অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল। কাল জয় পেলেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। দুজনেরই প্রতিদ্বন্দ্বী চোটের কারণে ম্যাচের মাঝপথে সরে দাঁড়িয়েছেন। সাতবারের চ্যাম্পিয়ন ফেদেরার ৬-৩, ৩-০ গেমে এগিয়ে থাকা অবস্থায় সরে দাঁড়ান প্রতিদ্বন্দ্বী আলেক্সান্দার দোলগোপোলভ। তিনবারের চ্যাম্পিয়ন জোকোভিচ মার্টিন ক্লিজানের বিপক্ষে এগিয়ে ছিলেন ৬-৩, ২-০ গেমে। কাল জিতেছেন মেয়েদের এক নম্বর অ্যাঞ্জেলিক কারবারও। এএফপি।