প্রথম রাউন্ডেই সেরেনার বিদায়
বারো মাস আগে শোকের চাদর জড়িয়ে রোলাঁ গাঁরোতে এসেছিলেন ভারজিনি রাদজানো। ফ্রেঞ্চ ওপেন শুরুর মাত্র পাঁচ দিন আগে পৃথিবীর মায়া কাটিয়েছিলেন মস্তিষ্কের টিউমারে আক্রান্ত তাঁর প্রেমিক। এবারের ফ্রেঞ্চ ওপেনের শুরুটাও ফরাসি এই খেলোয়াড়ের জন্য হলো আবেগময়। প্রথম রাউন্ডেই হারিয়ে দিয়েছেন সেরেনা উইলিয়ামসকে! সেটাও খাদের একেবারে কিনার থেকে উঠে এসে। রাদজানো এখন ঐতিহাসিক চরিত্র, এই প্রথম গ্র্যান্ড স্লামের ইতিহাসে সেরেনাকে কেউ হারিয়ে দিলেন প্রথম রাউন্ডেই।পরশু ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনার কাছে প্রথম সেটটা ৪-৬ গেমে হেরেছিলেন মহিলা টেনিসের ১১১ নম্বর খেলোয়াড়। দ্বিতীয় সেটটা চলছিল নিয়ম মেনেই। ৫-১ গেমে এগিয়ে জয়ের ক্ষণ গুনছিলেন পঞ্চম বাছাই সেরেনা। এরপরই রাদজানোর অবিশ্বাস্য ফিরে আসা। ওই সেটটা জিতে নেন টাইব্রেকারে ৭-৬ (৭/৫)। পরের সেটে আরও দুর্দান্ত খেলে ৫-১ গেমে এগিয়ে যান ২৯ বছর বয়সী ফরাসি মেয়ে। সেরেনা ফেরার চেষ্টা করেও আর পারেননি, উল্টো ৬-৩ গেমে হেরে নতুন এক অভিজ্ঞতার সঙ্গে হন পরিচিত।ড্রতে যখন সেরেনার প্রতিপক্ষ হিসেবে তাঁর নামে ওঠে, তখন থেকেই নাকি এই অঘটনের স্বপ্ন দেখা শুরু করেন রাদজানো। তাঁকে স্বপ্ন দেখার সাহস জোগায় ২০০৭ সালে টোকিওর ফাইনালে ভেনাস উইলিয়ামসকে হারানোর অভিজ্ঞতা। প্রস্তুতির জন্য নির্ঘুম রাতও কাটিয়েছেন গুগল ও ইউটিউবে সেরেনার খেলা দেখে। এ জয়ের গুরুত্ব রাদজানোর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝেন পরাজিত সেরেনা, ‘আমি তার গল্পটা জানি। সে সত্যিই খুব ভালোভাবে ব্যাপারটা সামলেছে।’ গত বছর নিজেও ফিরেছেন প্রাণঘাতী রোগের কবল থেকে। ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল। তাই ৪৭তম গ্র্যান্ড স্লামে এসে প্রথম রাউন্ডে প্রথম হেরেও সহমর্মিতারই প্রকাশ তাঁর কণ্ঠে, ‘আমাদের সবারই বলার মতো গল্প আছে। আমি তো প্রায়ই মরেই গিয়েছিলাম।’ এএফপি।