চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে ড্র দিয়ে। গতকাল ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ক্লাব আসরের প্রথম রাতেই গ্রুপ ‘এ’তে ইতালির এই ক্লাবটি ২-২ গোলে ড্র করেছে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলতে আসা হল্যান্ডের এফসি টুয়েন্টির সঙ্গে।চ্যাম্পিয়ন ইন্টারের জন্য প্রতিযোগিতার প্রথম রাতটি কিন্তু মোটেও সহজ ছিল না। ওয়েসলি স্নাইডারের গোলে এগিয়ে গিয়েও হল্যান্ডের নবাগত এ দলটির বিরুদ্ধে পিছিয়ে পড়তে হয় ইতালির এই জায়ান্টকে। এফসি টুয়েন্টির পক্ষে দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করেন থিও জ্যানসেন। ইন্টারের সর্বনাশ করেন আর্জেন্টাইন তারকা ডিয়েগো মিলিতো, এক আত্মঘাতী গোল করে। তবে চ্যাম্পিয়নস লিগের প্রথম খেলাতেই ইন্টারের মান বাঁচান ক্যামেরুনের তারকা স্যামুয়েল ইতো। তাঁর ২০তম চ্যাম্পিয়নস লিগ গোলে কোনোমতে মান বাঁচায় রাফায়েল বেনিতেজের দল।এদিকে চ্যাম্পিয়নস লিগে নিজেদের সূচনাটা দুর্দান্ত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গ্রুপ ‘ডি’র খেলায় তারা প্যানাথিনাইকসকে হারিয়েছে ৫-১ গোলে। যদিও সিডনে গভুওর গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল গ্রিসের এ দলটি। তবে গোল খেয়ে পিছিয়ে পড়ে গা ঝাড়া দিয়ে ওঠে ন্যু ক্যাম্পের ছেলেরা। লিওনেল মেসির গোলে সমতা ফিরিয়ে আনে ক্যাটালানরা। মেসি করেন দুই গোল। অবশ্য নিজের ব্যর্থতাতেই হ্যাটট্রিকের সুযোগ হারিয়েছেন এই আর্জেন্টাইন। তাঁর নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন প্যানাথিনাইকসের গোলরক্ষক আলেকজান্দারোস জোরভাস। বার্সেলোনার পক্ষে অপর তিনটি গোল করেন ডেভিড ভিয়া, দানি আলভেস ও পেদ্রো। গ্রুপ ‘সি’র ম্যাচে আরেক স্প্যানিশ দল ভ্যালেন্সিয়া ৪-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগের আরেক অভিষিক্ত দল তুরস্কের বুরসাসপুর ক্লাবকে। এ ছাড়া গ্রুপ ‘বি’তে পর্তুগিজ জায়ান্ট বেনিফিকা ২-০ গোলে ইসরায়েলের হ্যাপোয়েল তেল আবিবকে হারিয়েছে।—বিবিসি, রয়টার্স