স্প্যানিশ ফুটবলের গত মৌসুমটা ছিল বার্সেলোনার। এবার কার? রিয়াল মাদ্রিদ কি পারবে বার্সার আধিপত্যে যতি টানতে? এসব প্রশ্ন নিয়েই পরশু শুরু হয়ে গেল স্প্যানিশ মৌসুম। শুরুতে কিন্তু সমতাই থাকল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার। বার্নাব্যুতে রিয়াল-বার্সা স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।হোসে মরিনহোর জার্মান সৈনিক মেসুত ওজিল ১৩ মিনিটেই এগিয়ে দেন রিয়ালকে। ডেভিড ভিয়ার অসাধারণ গোলে সমতায় ফেরে বার্সা। গত মৌসুমে যেখান থেকে শুরু করেছিলেন, লিওনেল মেসি যেন সেখান থেকেই নতুন মৌসুমটা শুরু করলেন। বার্সাকে ২-১-এ এগিয়ে দিয়েছিলেন তিনি।প্রথমার্ধটা এগিয়ে থেকে শেষ করে বার্সা। বিরতির সময়ে বার্সা শিবিরে আসে একটা সুখবর—বহুদিন ঝুলে থাকা সেস ফ্যাব্রিগাসের চুক্তিটা সম্পন্ন হয়েছে। তবে এই সুখবর বার্সাকে খুব বেশি উদ্দীপ্ত করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটেই স্কোরলাইন ২-২ করে ফেলেন রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসো।রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গার্দিওলার পরাজয়ের রেকর্ড নেই। পরশুও এর ব্যতিক্রম হয়নি। রিয়ালের মাঠ থেকে ড্র নিয়ে ফেরা বার্সা কোচ দ্বিতীয় লেগে আশা করছেন আরও ভালো কিছু, ‘আশা করছি, আমাদের দর্শকদের সামনে আমরা কিছু সুবিধা পাব। আমার খেলোয়াড়দের নিয়ে আমি খুশি। একসঙ্গে মিলতে খুব কম সময়ই পেয়েছে আমার খেলোয়াড়েরা। কয়েকজন তো মাত্রই অনুশীলনে ফিরেছে। আলভেজ, আবিদাল ও আদ্রিয়ানো সবকিছু ঠিকঠাক মতো করেছে। এদের নিয়ে খুশি আমি।’খুশি রিয়াল মাদ্রিদের অধিনায়ক ইকার ক্যাসিয়াসও। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে ক্যাসিয়াস বলেছেন, ‘ভালো খেলেছি আমরা। পাসিং ভালো হয়েছে। ধীরে ধীরে আমরা সেরা ফর্মে যাচ্ছি। বার্সেলোনায় ভালো খেলতে এবং শিরোপা জিততেই যাব আমরা।’ বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগ আগামীকাল।কোপা দেল রের সেমিফাইনাল দিয়ে ১৯০২ সালে রিয়াল-বার্সার এল ক্লাসিকো শুরু। এই দ্বৈরথটা তখন থেকেই জমজমাট। সম্প্রতি আরও বেশি আগুনে এটা। সেই আগুনের রেশ টেনেই ম্যাচের আগে বার্সা কোচ গার্দিওলা বলেছিলেন, ‘এ ম্যাচটি আমাদের জন্য সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ফাইনাল।’তবে গার্দিওলার লাইনআপ দেখে তাঁর কথার মিল খুঁজে পাওয়া মুশকিলই ছিল। পিকে, জাভি, বুসকেটস, পেদ্রোকে বেঞ্চে রেখেই ম্যাচ শুরু করেন তিনি। প্রথম তিনজনের অবশ্য হালকা চোট আছে। আর শেষের জন পেদ্রোর জায়গায় খেলেছেন নতুন আসা অ্যালেক্সিস সানচেজ।মরিনহো অবশ্য গত মৌসুমে বার্সার কাছে লিগে ৫-০ গোলে হেরে যাওয়া দলটিই নামিয়েছেন। ওই পরাজয়ের জ্বালা মেটাতেই হয়তো মরিনহোর সেই দল শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে বার্সার ওপর। একের পর এক আক্রমণও করতে থাকে শুরু থেকে। তারই ধারাবাহিকতায় প্রথমে এগিয়েও যায় তারা। উল্টো পিঠে বার্সেলোনা যেন ছন্দই খুঁজে পাচ্ছিল না। খেলতে পারছিল না তাদের স্বাভাবিক ও ছন্দময় পাসিং ফুটবল। প্রথম আক্রমণ করতেও ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মেসি-ইনিয়েস্তা-ভিয়ার বার্সাকে। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।