প্রথম শিরোপার সামনে রাসেল
একপাশে শুধু লাল আর লাল। শেখ রাসেল খেলল লাল জার্সি পরে। তারই সঙ্গে সামঞ্জস্য রেখে সমর্থকদের নিয়ে আসা হলো লাল টি-শার্ট পরিয়ে। ওই লাল ঢেউ মাঠেও ছড়িয়ে পড়ল ম্যাচের পর।বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সন্ধ্যার ছবি এটা। ঠিক আগের বৃষ্টিস্নাত রাতের মতো। শেখ জামালকে হারিয়ে ফরাশগঞ্জ স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে ওঠার পর। পরদিন মোহামেডানের বিপক্ষে ১-০ জয় নিয়ে শেখ রাসেল দাঁড়াল আগামীকালের ফাইনালে। ঘরোয়া ফুটবলে এ এক ব্যতিক্রমী ঘটনা।আবাহনী, শেখ জামাল, মুক্তিযোদ্ধা বিদায় নিয়েছে আগেই। মোহামেডান ঘরে ফিরল সেমিফাইনালে খেলার তৃপ্তি নিয়ে। বাংলাদেশের ফুটবলে একসময় আবাহনী-মোহামেডান ছাড়া কোনো ফাইনালই কল্পনা করা যেত না। সর্বশেষ ২০০৫ সালে এই স্বাধীনতা কাপেরই ফাইনালে ছিল না আবাহনী-মোহামেডানের কেউ। ব্রাদার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুক্তিযোদ্ধা। আগামীকালের ফাইনালে শেখ রাসেল-ফরাশগঞ্জ যাদের গলাতেই উঠুক জয়ের মালা, সেটি দুই দলের জন্যই হবে ঘরোয়া ফুটবলে প্রথম কোনো ট্রফি জয়!শেখ রাসেলের জন্য এটা খুবই অতৃপ্তির। ১৯৯৫-এ ক্লাবটির যাত্রা শুরু। ২০০২ সালে ঢাকার প্রিমিয়ার ফুটবলে উঠেই প্রথমবার রানার্সআপ। ওটাই প্রথম, ওটাই শেষ সাফল্য। ৯ বছর পর এবার একটা ট্রফি যদি ঘরে তুলতে পারে! কাগজের হিসাবে ফাইনালে শেখ রাসেলই ফেবারিট। তবে ফাইনালে ওঠার পথে ফরাশগঞ্জ যেভাবে আবাহনী ও শেখ জামালকে শিকার বানিয়েছে, তাতে শেষ বাঁশির আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।শেখ রাসেলের সবচেয়ে বড় ভরসা একজন এডওয়ার্ড আছেন দলে। কালকেরটিসহ স্বাধীনতা কাপে তিন ম্যাচে তিনটি গুরুত্বপূর্ণ গোল করে দলকে জিতিয়েছেন। ব্রাদার্সে খেলেছেন এর আগে। এবার এডওয়ার্ডকে দলভুক্ত করে ফসল ঘরে তুলছে শেখ রাসেল। মূলত বাঁ পা বেশি সচল। এদিন ৩০ মিনিটে বক্সের কোনা থেকে জয়সূচক গোলটাও করলেন এডওয়ার্ড সেই বাঁ পায়েই। সতীর্থ রাজুর ঠেলে দেওয়া বল খুব অল্প জায়গায় নিয়ন্ত্রণ করে চকিতে দূরের পোস্টে দারুণ শটে গোল করলেন রুশ স্ট্রাইকার। মোহামেডান গোলরক্ষক টিটু ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। বলটা এক ড্রপ খেয়ে জালে যায়।মোহামেডান এবার খর্ব শক্তির দল। কিন্তু সেটিকে ছাপিয়ে মাঠের মোহামেডান কিন্তু কখনো কখনো সত্যিকারের মোহামেডানই হয়ে ওঠে। এডওয়ার্ডের কাছেই এদিন হারল সাদা-কালোরা। তবে গোল খেয়েও মরিয়া হয়ে খেলল। অন্তত তিনটি দারুণ সুযোগ পেয়েছিল। একবার রুয়ান্ডান স্ট্রাইকার আমানি ফাঁকায় বল পেয়ে মারলেন রাসেল গোলরক্ষক মামুনের গায়ে। আরেকবার সানডি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিলেন পোস্ট লক্ষ্য করে। কিন্তু গোললাইন থেকে বল ফেরান রাসেলের ডিফেন্ডার প্রদীপ। এভাবে সুযোগ তৈরি করেও গোল না পাওয়াটা মোহামেডানের জন্য ছিল হতাশার।এই দৃশ্য মোহামেডানকে তীরবিদ্ধ করেছে। তবে সাদা-কালো গ্যালারিতে ঢোল বাজল সারাক্ষণই। ওদিকে শেখ রাসেল নিজেরাই শ পাঁচেক টিকিট কিনে বিলিয়েছিল সমর্থকদের মধ্যে। একদল সমর্থক রাসেলের পতাকা নিয়ে আবাহনী গ্যালারিতে বসে দলের হয়ে উল্লাস করল সারা ম্যাচে। ম্যাচ বিটিভিতে সরাসরি দেখানো হচ্ছিল বলে স্টেডিয়ামে বসানো বড় পর্দায় দেখা যাচ্ছিল। হাজার পাঁচেক দর্শক আসায় পরিবেশটা ছিল বেশ আনন্দমুখর।এরই মধ্যে এল এক ঘোষণা। শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী মাঠে দাঁড়িয়ে জানালেন, ফাইনালে জিতলে দলকে ৭ লাখ টাকা বোনাস দেওয়া হবে। ফরাশগঞ্জও খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে সাধ্যমতো চেষ্টা করছে। আর বাইরে থেকে দীর্ঘশ্বাস পড়ছে আবাহনী, শেখ জামাল, মুক্তিযোদ্ধা এমনকি মোহামেডানেরও!