প্রথম শ্রেণীর ক্রিকেটকে'বিদায়' বললেন শাহ

প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াইজ শাহ। ইংল্যান্ডের হয়ে ছয়টি টেস্ট ও ৮৮টি ওয়ানডে খেলা পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার এখন থেকে পুরোপুরিই মনোযোগ দেবেন ক্রিকেটের ছোট ফরম্যাটে।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৫টি সেঞ্চুরির মালিক শাহ ১৬,৩৫৭ রান করেছেন ৪১.৯৪ গড়ে। ২০০১ সালের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তাঁর। টেস্ট অভিষেক হতে হতে অবশ্য লেগে যায় আরও পাঁচ বছর। ২০০৬ সালে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। ইংল্যান্ডের হয়ে তিনি সর্বশেষ খেলেছেন ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
একটি সফল ক্যারিয়ারের বিদায়লগ্নে শাহের কণ্ঠে ঝরেছে সন্তুষ্টিই, ‘আমি সত্যিই প্রথম শ্রেণীর ক্রিকেটকে উপভোগ করেছি। মিডলসেক্সের হয়ে যখন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে শুরু করি, তখন আমার প্রধান লক্ষ্য ছিল ইংল্যান্ডের হয়ে খেলা। আমার সেই লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমি ক্রিকেটের ছোট ফরম্যাটে মনোযোগ দেব।’ সূত্র: রয়টার্স।