টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান কে, অনেকেরই জানা। তেমনই অনেকেই হয়তো জানেন ওয়ানডে ও টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরিয়ানের নামও। কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান? খুব বেশি লোকের জানা থাকার কথা নয়, প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে, এটা নিয়েই যে বিতর্ক আছে! প্রথম সেঞ্চুরিয়ান নিয়ে বিতর্কের মূল কারণ, প্রথম শ্রেণীর ক্রিকেটের শুরু নিয়ে বিতর্ক। কোন বছর থেকে প্রথম শ্রেণীর ম্যাচ ধরা হবে, এটা নিয়ে সুনির্দিষ্ট মত নেই। কোনো সীমারেখা না টেনে যত দূর জানা গেছে, তাতে প্রথম সেঞ্চুরিয়ান হ্যাম্পশায়ারের ফ্রেডেরিক বুক্লার্ক, ১৮০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন অপরাজিত ১২৯। তবে ক্রিকেটের বাইবেল উইজডেন প্রথম শ্রেণীর ক্রিকেট গণ্য করে ১৮১৫ সালে (নেপোলিয়নের সিরিজ যুদ্ধগুলো শেষ হওয়ার পর থেকে) শুরু ম্যাচগুলো থেকে। সে হিসাবে প্রথম সেঞ্চুরিয়ান ইপসমের ফ্রেডেরিক উডব্রিজ, ১৮১৫ সালে মিডলসেক্সের বিপক্ষে লর্ডসে করেছিলেন ১০৭।