প্রথম সপ্তাহ মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলের প্রথম সপ্তাহ থেকে কী প্রাপ্তি? এ প্রশ্নের সোজা উত্তর: হূদয় হরণ করার মতো খুব একটা কিছু এখনো ঘটেনি। কিন্তু মাসব্যাপী বিশ্বকাপের প্রথম সপ্তাহে কবেই বা তা হয়েছিল আগে! লিগ পর্যায়ের এই পর্বে তিন খেলা থেকে সর্বোচ্চ আদায়ের জন্য প্রতিটি দলই অতিসচেতন। সবারই খেলা অনেকাংশে রক্ষণাত্মক, অন্তত প্রথম খেলায় তো বটেই।কিন্তু দুটি ম্যাচে আর্জেন্টিনার মেসি যা দেখিয়েছেন, তা বাকি তিন সপ্তাহে আর্জেন্টিনার অব্যাহত অগ্রযাত্রা আর তাঁর অনির্বচনীয় ব্যক্তিশৈলীর সুনিশ্চিত প্রতিশ্রুতি দিয়েছে। বিস্ময়কর হলো, মেসি এখনো গোল পাননি। কিন্তু তাঁকে ছাড়া আর্জেন্টিনার পাঁচটি গোলের কয়টি হতো?শুরুতেই বিস্ময়ের জন্ম দিয়েছে স্পেন। অন্যতম শীর্ষ বাছাই স্পেন সুইজারল্যান্ডের কাছে হেরে বসবে, এটা কারও কল্পনাতেও ছিল না। এর সোজা অর্থ হলো—যে স্পেনকে ধরা হচ্ছিল ব্রাজিলের সঙ্গে সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে, তারা এখন দ্বিতীয় রাউন্ডেই ব্রাজিলের মুখোমুখি হয়ে যেতে পারে। ব্রাজিল প্রত্যাশা অনুযায়ী ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলে আর স্পেন গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে উঠলে সেটাই হবে। হতে পারেও সে ধরনের একটা কিছু: দুনিয়াজোড়া বুকিরা এবং ফিফার র‌্যাঙ্কিং যে ধরনের চিত্র মনে এঁকেছিল, শুরুতেই তা ওলটপালট হয়ে গেল।আরেক অঘটন ঘটিয়েছে ২০০৬-এর রানার্সআপ ফ্রান্স: প্রথম খেলায় উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় খেলায় মেক্সিকোর কাছে ০-২ গোলে হার। দুটি ম্যাচে আনেলকা-রিবেরিরা একটি গোলও করতে পারেনি। আগামী ২২ জুন উরুগুয়ে-মেক্সিকোর খেলা ড্র হলেই ফ্রান্সের বিশ্বকাপ এবারের মতো শেষ। এরই মধ্যে সবাই বুঝে গেছেন, উরুগুয়ে ও মেক্সিকো উপেক্ষার পাত্র নয়।জার্মানি বিস্মিত করেছে অন্যভাবে। প্রথম ম্যাচেই ৪-০ গোলের বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রতিযোগিতার জন্য নতুন একটা মান নির্ধারণ করে দিয়েছে ওরা। জার্মানির অপেক্ষাকৃত তরুণ দল বিনা প্রতিরোধের এই জয় দিয়ে নিজেদের সড়কের সম্ভাব্য শেষ গন্তব্যগামী হিসেবেও প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু পরের ম্যাচেই সার্বিয়ার কাছে হেরে আবার বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করার বিপদ সম্পর্কে। বিশ্বকাপের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনটাই তাই শুরু হলো অঘটন দিয়ে। তবে এই লেখায় আমরা প্রথম সপ্তাহে থাকি।গন্তব্যের ওই শেষ বিন্দুতে উপস্থিতির সম্ভাবনা সরবে জানিয়েছে মেসি-ম্যারাডোনার আর্জেন্টিনাও। নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র এক গোলে জয় হয়তো আফ্রিকানদের প্রতি-আক্রমণে চাপে পড়ার ইঙ্গিত দেয়, তবে গুণগত মানের বিরাট ফারাকে সব সময় আর্জেন্টিনাকেই মাঠের একমাত্র বিজয়ী দল হিসেবে মনে হয়েছে। মাঝেমধ্যে তো ম্যাচটা নাইজেরিয়ার গোলরক্ষক আর মেসির দ্বৈরথের রূপ নিয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই মেসির পায়ের ঝলক আসন্ন সপ্তাহগুলোতে ফুটবল-পাগলদের জন্য অমিত শৈলীর আগমনী বার্তা জানিয়ে দিয়েছে। আর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৪-১ গোলের জয়ে মেসি হয়ে উঠেছেন আরও উজ্জ্বল।বিশ্বকাপে প্রায় চিরন্তন ফেবারিট ব্রাজিল উত্তর কোরিয়ার সঙ্গে ম্যাচে দেখিয়েছে, তারা কেমন সুন্দর গোল করতে পারে। বিশেষ করে প্রায় গোল লাইন থেকে রাইটব্যাক মাইকনের কামানের গোলার মতো শটের গোলটি তো প্রতিযোগিতার প্রথম সপ্তাহের অন্যতম আলোচ্য বিষয়। ডান পায়ের বুটের মাথা দিয়ে করা এই গোল ১৯৭০ বিশ্বকাপের ফাইনালে আরেক রাইটব্যাক কার্লোস আলবার্তোর গোলটিকে মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় ১৯৬২ ফাইনালে চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে ব্রাজিলের অ্যামারিল্ডোর গোলটাও ছিল এমন প্রায় গোললাইন থেকে।উত্তর কোরিয়ার জং তায়-সে ব্রাজিলের সঙ্গে খেলার আগে জাতীয় সংগীত শুনে অশ্রুসিক্ত আবেগ ধরে রাখতে পারছিলেন না, এ দৃশ্য চির জাগরূক থাকবে।আফ্রিকার দলগুলোর মধ্যে একমাত্র আইভরিকোস্ট শক্তিমত্তার পরিচয় দিয়েছে পর্তুগালের সঙ্গে ড্র করে। আইভরিকোস্ট আরও এগোনোর ক্ষমতা রাখে, সেটিরও প্রমাণ মিলেছে এতে।ইতালির প্যারাগুয়ের বিপক্ষে ১-১ ড্রয়ে কেউ যেন বর্তমান চ্যাম্পিয়নদের হিসাবের বাইরে রাখার সিদ্ধান্ত না নিয়ে ফেলেন। কেননা ইতালি ঐতিহাসিকভাবেই বড় টুর্নামেন্ট এভাবেই শুরু করে। হল্যান্ডের ২-০ গোলে ডেনমার্ক-জয় আরেক সম্ভাবনাময় দলের সিডিং অনুযায়ী ফর্ম দেখানোই শুধু নয়, সম্ভাব্য অন্যদের জন্য সতর্কবার্তাও বটে।ইংল্যান্ডের গোলরক্ষক গ্রিনের বা ইংরেজ সমর্থকদের যত দুঃখই থাক, যুক্তরাষ্ট্র দল উপেক্ষা করার মতো নয়।দক্ষিণ কোরিয়া ২০০৪ ইউরো চ্যাম্পিয়ন গ্রিসকে ২-০ গোলে হারিয়ে এশীয় ফুটবলের মুখ উজ্জ্বল করেছে। ক্যামেরুনের বিপক্ষে জাপানের বিজয়ও অভিনব: ওই ধরনের শক্ত আফ্রিকান প্রতিপক্ষের বিরুদ্ধে দেশের বাইরে জয় এশিয়ার ফুটবলের অগ্রগতির নতুন মাত্রার দ্যোতক।মেসির ড্রিবলিং, মাইকনের গোল, ক্রিস্টিয়ানো রোনালদো ও জাভি আলোনসোর অনেক দূর থেকে বারে লাগানো শট কিংবা একই দূরত্ব থেকে ডিয়েগো ফোরলানের গোল, হিগুয়েইনের হ্যাটট্রিক—এসবই এ বিশ্বকাপের প্রথম সপ্তাহের সঞ্চয়। মেসি এখনো গোল পাননি। কিন্তু তাঁর পা থেকে যা এসেছে, তা দেখতেই দর্শক মাঠে যায়, তা-ই ফুটবলকে বাঁচিয়ে রাখে।