তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা বাংলাদেশকে জেতাতে পারেনি। তবে মুশফিকুর রহিমকে ঠিকই জায়গা করে দিয়েছে রেকর্ড বইয়ে। সবচেয়ে বেশি ম্যাচ ও ইনিংস খেলে প্রথম ওয়ানডে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশি এখন এই উইকেটরক্ষক। প্রথম তিন অঙ্কের রান ছুঁতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে ৯৬ ম্যাচের ৮৭ ইনিংস। মুশফিকুর পেছনে ফেলেছেন অলক কাপালিকে। ২০০৮ সালে করাচিতে এশিয়া কাপে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন অলক। ওটা ছিল তাঁর ৬০তম ওয়ানডের ৫৭তম ইনিংস। এর আগে রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাকাব্যিক এক সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন আশরাফুল। ৫০ ম্যাচের ৪৯তম ইনিংসে পাওয়া ওই সেঞ্চুরিটি ছিল তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি। এখনো খেলছেন, কিন্তু সেঞ্চুরি নেই এমন খেলোয়াড়দের মধ্যে মুশফিকুরের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু আবদুর রাজ্জাক (১২২) ও মাশরাফি বিন মুর্তজা (১১৮)।