প্রথম সেশনটা স্বস্তিরই
দুঃখটা মার্শাল আইয়ূবের জন্যই। দুর্দান্ত খেলছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। দারুণ সব কাভার ড্রাইভে দৃষ্টিনন্দন শট খেলে তরতর করে নিজের খাতায় তুলে ফেলেছিলেন ৪১ রান। কিন্তু ক্ষণিকের এক ভুল এলোমেলো করে দিল সবকিছু। অভিষিক্ত বাম হাতি পেসার নিল ওয়াগনারের বলে ব্যাট আর প্যাডের মাঝখানের জায়গাটুকু বড্ড বেশি উন্মুক্ত করে দিয়েছিলেন তিনি। ওই জায়গাটা দিয়ে বল গিয়েই ছত্রখান করে দেয় তাঁর স্টাম্প। মাথা নাড়তে নাড়তে সাজঘরে ফেরার সময় তিনি হয়তো ভালো করেই বুঝতে পেরেছেন টেস্ট ক্রিকেটটা কত কঠিন। অথচ সেই টেস্ট ক্রিকেটের কঠিন আঙিনায় আইয়ূবের উপস্থিতিটা কিন্তু আশা-জাগানিয়াই।
মিরপুরে প্রথম সেশনটা বাংলাদেশেরই। উদ্বোধনে তামিমের সঙ্গী এনামুলের ওই বাজে শটটাকে অবশ্য এই হিসাবের বাইরে রাখতে হবে। এনামুল চলে যাওয়ার পর আইয়ূবকে সঙ্গী করে তামিম যা খেললেন তারও জবাব নেই। আইয়ূব না পারলেও তামিম পেরেছেন। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটির কাছাকাছি করেছিলেন। মিরপুরে প্রথম দিনের প্রথম সেশনেই পেয়ে গেলেন ফিফটি। আইয়ূব-তামিমের কল্যাণে প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহও তাই মোটামুটি স্বস্তির জায়গায়।
তামিমের হাতে অনেক শটই আছে। কিন্তু ধৈর্য বলতে যা বোঝায় এর একটু ঘাটতি রয়ে গেছে তাঁর। সে ব্যাপারটি মিরপুরে কাটিয়ে উঠতে পারলে দেশের মানুষকে তিনি আনন্দের উপলক্ষ এনে দিলেও দিতে পারেন। আপাতত তামিম হাঁটছেন ঠিক পথেই।
প্রথম সেশনটা বাংলাদেশের—এ কথা সাহস করে বলে দেওয়াই যায়। তবে ২ উইকেটের জায়গায় একটি হলে হয়তো স্বস্তির মাত্রাটা আরও একটু বেশি হতে পারত। তার পরও সবকিছু হয়েছে মোটামুটি পরিকল্পনামাফিকই।