প্রথম সোনা কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দুকের ভয় দেখিয়ে কত কিছুই তো হয়। কিন্তু তাই বলে প্রতি অলিম্পিকেই বন্দুকবাজদের হাতেই উঠবে প্রথম সোনার পদক? এই বন্দুকবাজরা অবশ্য কারও ঘাড়ে বন্দুক ঠেকিয়ে পদক কেড়ে নেন না। পদক জেতেন বন্দুক হাতে লক্ষ্যভেদের খেলায় পারদর্শিতা দেখিয়েই। আর এই পদক জয়ের দৌড়ে সেই ১৯৯৬ আটলান্টা অলিম্পিক থেকেই সবার আগে থাকেন ১০ মিটার এয়ার রাইফেলের নারী শুটাররা। গত পাঁচবারের মতো এবারও রিও অলিম্পিকের প্রথম সোনাটা উঠবে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল জয়ী শুটারের হাতে।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল। এর আগে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু বাছাইপর্ব পেরোতে হবে তাঁদের।
প্রথম পদকের নিষ্পত্তি শুটিংয়ে হলেও প্রথম ফাইনাল কিন্তু পুরুষ সাইক্লিংয়ের রোড রেস। ১০ মিটার এয়ার রাইফেলের এক ঘণ্টা আগে শুরু হলেও শেষ হতে হতে প্রায় ছয় ঘণ্টা লেগে যাবে ২৪১ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে।