প্রথম সোনা অমলের
বাবা শ্রীনাথ রায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন দুই বছর আগে। এত দিন অভিমান করে বাবার সঙ্গে কোনো কথাই বলেননি অমল রায়। হঠাৎ কী মনে করে কাল শ্রীনাথ চলে এলেন ছেলের খেলা দেখতে। রমনা টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ গেমসের পুরুষ এককের ফাইনাল দেখলেন গ্যালারিতে বসে। খেলা শুরুর আগে ছেলেকে কলা খাইয়ে দিলেন নিজে। বাবার স্নেহের পরশে অমল যেন আরও উজ্জ্বীবিত হয়ে উঠলেন। গত বাংলাদেশ গেমসের ব্রোঞ্জজয়ী জিতে নিলেন এবারের বাংলাদেশ গেমসের প্রথম সোনার পদক। এর আগে দ্বৈতেও সোনা জিতে অমল মাথায় তুললেন দ্বিমুকুট।দেশের টেনিসে অনেক দিন ধরে শীর্ষে থাকা অমল প্রত্যাশিতভাবেই জিতেছেন দুটি সোনা। পুরুষ এককের ফাইনালে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে অমল ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন নরডিক ক্লাবের আলমগীর হোসেনকে। ব্রোঞ্জ জিতেছেন ব্রিটিশ হাইকমিশন ক্লাবের আনোয়ার হোসেন। এর আগে সকালে পুরুষ দ্বৈতের ফাইনালে অমল ও রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের হেনরি পৃথুল মণ্ডল জুটি ৬-২, ৬-১ গেমে হারিয়েছে জাতীয় টেনিস কমপ্লেক্সের রঞ্জন রাম ও গোপালগঞ্জ টেনিস ক্লাবের মিজানুর রহমানকে। গেমস শুরুর আগেই প্রথম সোনা জিতে অষ্টম বাংলাদেশ গেমসের ইতিহাসে ঢুকে গেলেন অমল। কিন্তু কাল আনুষ্ঠানিকভাবে তাঁকে পদক দেওয়া হয়নি। এ নিয়ে আক্ষেপই ঝরল তাঁর কণ্ঠে, ‘পদকটা পেলে আরও খুশি লাগত।’ বাংলাদেশ গেমসের পর আজ ডেভিস কাপের গ্রুপ ফোরে অংশ নিতে মিয়ানমার যাত্রার কথা ছিল অমল, আনোয়ার ও পৃথুলের। কিন্তু মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় ভেন্যু বাতিল করেছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। হকিতে ঢাকার গোল উৎসব: মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ময়মনসিংহকে নিয়ে ছেলেখেলা করেছে গেমসের বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা। কাল তারা ১৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ময়মনসিংহকে। অন্য ম্যাচে বিমানবাহিনী ৫-১ গোলে জয়পুরহাটকে, রাজশাহী ৭-১ গোলে পটুয়াখালীকে ও সাতক্ষীরা ২-১ গোলে পুলিশকে হারিয়েছে। টেবিল টেনিস: মহিলা দলগত খেলায় কাল জিতেছে আনসার, নড়াইল, ঢাকা ও রংপুর। পুরুষ দলগত ম্যাচে জয় পেয়েছে আনসার, বাগেরহাট, চট্টগ্রাম ও বিমান।