প্রথম হারল প্রথম আলো
স্টিভ ওয়াহর সর্বজয়ী দলকেও হারতে হয়েছিল। এক দিন থেমে গিয়েছিল রিকি পন্টিংয়ের দলের অপ্রতিরোধ্য জয়যাত্রা। সেই ‘গ্রেট’ দলগুলোর পথ অনুসরণ করে হারতে হলো প্রথম আলোকেও। বিএসজেএ মিডিয়া কাপে কাল রাইজিংবিডিডটকমের বিপক্ষে ৬২ রানে হেরে গেছে আগের ম্যাচে বড় জয় পাওয়া প্রথম আলো। তবে দলের হারেও এক ছক্কা ও এক চারে অপরাজিত ১৩ রানের আনন্দদায়ী এক ইনিংস খেলেছেন অধিনায়ক উৎপল শুভ্র। আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া অধিনায়কের ব্যাট থেকেই কাল এসেছে দলের সর্বোচ্চ রান! ১১ রান করেছেন আরিফুল ইসলাম, তারেক মাহমুদ ১০। বল হাতে শেন ওয়ার্নকে মনে করিয়ে দেওয়া লেগ স্পিনে ফয়সাল আজিম নিয়েছেন ১ উইকেট, দুরন্ত পেসে একটি করে উইকেট পেয়েছেন ফখরুল রিয়াজ ও সুজয় মহাজন। কিন্তু দুর্ভাগ্য, দিনটি প্রথম আলোর ছিল না।
দিনের অন্যান্য ম্যাচে ইনডিপেনডেন্ট নিউ এজকে, চ্যানেল নাইন চ্যানেল ২৪-কে, সমকাল বৈশাখীকে, ইত্তেফাক নিউ নেশনকে, আরটিভি সকালের খবরকে, রেডিও টুডে চ্যানেল আইকে ও কালের কণ্ঠ বাংলাভিশনকে হারিয়েছে।