প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ
২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত গেলেও শ্রীলঙ্কার কাছে হেরে সেখানেই শেষ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের স্বপ্ন। কিন্তু এবারের আসরে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানের দারুণ এক জয় দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২০ বল বাকি থাকতেই ১৩১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেছেন অসি অধিনায়ক জর্জ বেইলি।ফাইনালে যাওয়ার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ওভারে ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ভালো অবস্থানে নিয়ে যান স্যামুয়েল বদরে। এরপর উইকেটে এসে ঝোড়োগতিতে শুরু করেছিলেন মাইক হাসি। কিন্তু ১২ বলে ১৮ রানের ইনিংস খেলার পর তাঁকে সাজঘরে ফেরান মারলন স্যামুয়েলস। পঞ্চম ওভারে অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান ব্যাটিং ভরসা শেন ওয়াটসনকেও সাজঘরমুখী করে অস্ট্রেলিয়া শিবিরে বড় আঘাত হানেন বদরে। ৭ রান করে ফিরে যান ওয়াটসন। এক ওভার পরে অস্ট্রেলিয়ার হার প্রায় নিশ্চিত করে ফেলেন রবি রামপল। এক ওভারেই ক্যামেরন হোয়াইট ও ডেভিড হাসির উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। অষ্টম ওভারে ম্যাথু ওয়াডেও সাজঘরের পথ ধরলে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ৪৩ রান। সপ্তম উইকেটে একাই খানিকটা প্রতিরোধ গড়েন অসি অধিনায়ক জর্জ বেইলি। প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে গড়েন ৬৮ রানের জুটি। ১৪তম ওভারে এই দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কাইরন পোলার্ড। তবে আউট হওয়ার আগে মাত্র ২৯ বলে ৬৩ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন বেইলি।