প্রথমার্ধে ১-১ গোলের সমতা

চিলির খেলোয়াড়দের চেয়ে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের গড় উচ্চতা বেশি। শারিরীক এই ফায়দাটা যে কাজে লাগাবেন, সেটা আগেই বলেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেড। শুধু কথার কথা না, ব্রাজিলের বিপক্ষে চিলি সত্যিই বিপদে পড়ল বাতাসে ভেসে আসা বলের দখল নিতে গিয়ে। ১৮ মিনিটের মাথায় নেইমারের কর্নার কিক থেকে আসা বলে মাথা ছুঁইয়েছিলেন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা। সেটাই জালে জড়িয়েছেন কিছুটা ফাঁকায় দাঁড়ানো ডেভিড লুইজ।
সঙ্গে সঙ্গেই বেলো হরিজোন্তের স্টেডিয়ামে উঠল তুমুল হর্ষধ্বনি। ১-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল। কিন্তু এই লিডটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৩২ মিনিটের মাথায় আলেক্সিস সানচেজের গোলে সমতা ফিরিয়েছে চিলি।
প্রথমার্ধের বেশিরভাগ সময়ই চিলির রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন ব্রাজিলের খেলোয়াড়রা। বেশ কয়েকটি গোলের সুযোগও পেয়েছিলেন নেইমার, ফ্রেডরা। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি।
অন্যদিকে ব্রাজিলের জমাট রক্ষণভাগে খুব বেশি ফাটল ধরাতে পারেনি চিলি। বলার মতো আক্রমণ চালিয়েছিল মাত্র দুই-তিনবার। এরই মধ্যে একটি সুযোগ পেয়েই সেটা কাজে লাগাতে কোনো ভুল করেননি চিলির তারকা স্ট্রাইকার সানচেজ।