প্রথমার্ধেই আধ ডজন গোল বার্সার!

এর চেয়ে ভালো শুরু সুদূরতম কল্পনাতেও নিশ্চয়ই ভাবতে পারেননি জেরার্ডো মার্টিনো। বার্সেলোনার কোচ হিসেবে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই স্বপ্নের মতো শুরু হলো এই আর্জেন্টাইনের। প্রথমার্ধেই লেভান্তের জালে ছয়-ছয়টি গোল ঢুকিয়ে দিল বার্সেলোনা। লা লিগার শিরোপা ধরে রাখার মিশনটাও দুর্দান্তভাবে শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। সেটিও প্রায় নেইমারকে ছাড়াই।ডাগআউটে বসে লম্বা সময় ধরে নতুন সতীর্থদের গোলউত্সব দেখতে হয়েছে এই ব্রাজিল তারকাকে। এমন গোল-উত্সবে যোগ দিতে কার না মনটা আনচান করে! ৬৪ মিনিটে মাঠে নামলেও আর উত্সব দেখা হয়নি নেইমারের। প্রথমার্ধেই পেট ভরে গিয়েছিল বলেই হয়তো দ্বিতীয়ার্ধে গোল হলো মাত্র একটি। ৭-০ গোলের জয় নিয়েই ‘সন্তুষ্ট’ থাকতে হলো বার্সাকে।বার্সার গোলবন্যায় একক কোনো কৃতিত্ব নেই। কোচকে বরণ করে নিতে মেসি-জাভি-ফ্যাব্রিগাসরা যেন কাঁধে কাঁধ মিলিয়েছেন। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা মেসি জোড়া গোল করেছেন। জোড়া গোল করেছেন পেদ্রো। দুজনকেই দ্বিতীয়ার্ধে তুলে নিলে হ্যাটট্রিকের দেখা পাননি কেউই। সবচেয়ে বিস্ময়কর ঠেকেছে হ্যাটট্রিকের মুখে থাকা ব্যাকুল মেসিকে ৭১ মিনিটে তুলে নেওয়াটা। প্রথম ম্যাচেই নিজের কর্তৃত্বের ছাপ যেন রাখতে শুরু করেছেন মার্টিনো!
বার্সার বাকি তিনটি গোল এসেছে তিনটি ভিন্ন পায়ে। সব মিলিয়ে গোলের খাতায় নাম লিখিয়েছেন পাঁচজন! সেই তালিকায় নাম না থাকলেও সাত গোলের পাঁচটিতেই অবদান রেখে ম্যাচের সেরা খেলোয়াড় নিঃসন্দেহে সেস ফ্যাব্রিগাসই।
শুরুটা করেছিলেন অ্যালেক্সিস সানচেজ। ম্যাচের তৃতীয় মিনিটেই বার্সাকে মৌসুমের উদ্বোধনী গোল এনে দিয়ে। ১২ মিনিটে ব্যক্তিগত গোলের খাতা খোলেন মেসি। ২৩ ও ২৬ মিনিটে আরও দুই গোল লেভান্তেকে হজম করান দানি আলভেস ও পেদ্রো। ৪২ মিনিটে মেসির পেনাল্টির পর প্রথমার্ধের শেষ প্রান্তে ৬-০ করেন জাভি। বার্সেলোনা সর্বশেষ প্রধমার্ধেই আধ ডজন গোল করেছিল ২০০১ সালে। দ্বিতীয়ার্ধের একমাত্র গোলটি পেদ্রোর।
লেভান্তে যে হেলাফেলার দল, তাও কিন্তু নয়। আসলে বার্সা যখন নিজের পূর্ণ ছন্দে নাচতে থাকে, তখন তা একই সঙ্গে অবিশ্বাস্য সুন্দর এবং ভয়ংকরও! পেপ গার্দিওলার হাত ধরে যে টিকিটাকার নবজাগরণ শুরু হয়েছিল, টিটো ভিলানোভার হাত ঘুরে এবার মার্টিনোর কাঁধে চড়ে সেই দৃিনন্দন পাসিং ফুটবল যেন অন্য এক মার্গে পৌঁছানোর পূর্বাভাস দিচ্ছে।
বার্সার এমন বিষ্ফোরক শুরুর পর পরই মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। খেলা দেখাচ্ছে স্টার স্পোর্টস টু।