প্রথমায় শচীন রূপকথার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেন ক্রিকেট আর সাহিত্যের মিলনমেলা। গতকাল প্রথমা প্রকাশন কার্যালয়ে শচীন রূপকথা বইয়ের প্রকাশনা উত্সবে (বাঁ থেকে) কথাসাহিত্যিক আনিসুল হক, বইয়ের লেখক ক্রীড়া সাংবাদিক উত্পল শুভ্র, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরী, সাবেক ক্রিকেটার ও ভাষ্যকার আতহার আলী খান এবং সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ  প্রথম আলো
যেন ক্রিকেট আর সাহিত্যের মিলনমেলা। গতকাল প্রথমা প্রকাশন কার্যালয়ে শচীন রূপকথা বইয়ের প্রকাশনা উত্সবে (বাঁ থেকে) কথাসাহিত্যিক আনিসুল হক, বইয়ের লেখক ক্রীড়া সাংবাদিক উত্পল শুভ্র, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরী, সাবেক ক্রিকেটার ও ভাষ্যকার আতহার আলী খান এবং সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ প্রথম আলো

যে বছর খেলোয়াড় হিসেবে শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক অভিষেক, সেই একই বছর ‘লেখোয়াড়’ হিসেবে অভিষেক তাঁরও। সেই উৎপল শুভ্র গত নভেম্বরে উড়ে গেলেন মুম্বাইয়ে, টেন্ডুলকারের বিদায়ী ম্যাচ দেখতে। মাঠ-গ্যালারির মতো ওয়াংখেড়ের প্রেসবক্সও আবেগে টইটম্বুর। সেই আবেগ-তরঙ্গে বসে টেন্ডুলকারকে নিয়ে ভাবতে ভাবতে শুভ্র আবিষ্কার করলেন, অলৌকিক কিছু যোগসূত্র!
১৫ নভেম্বর অভিষেক হয়েছিল টেন্ডুলকারের। দুই যুগ পর সেই ১৫ নভেম্বরেই শেষবারের মতো নামলেন ব্যাট হাতে! ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কিশোর টেন্ডুলকারকে প্রথম আলোচনায় আনা সেই স্কুল ক্রিকেটের বিখ্যাত জুটিটাও ৬৬৪ রানের! টেন্ডুলকার যখন শেষবার ব্যাট হাতে নামেন, ভারতীয় সময়ে ঘড়ির কাঁটায় যখন ৩টা বেজে ৩৪। ১৯৮৯ সালে যখন অভিষেকে ব্যাটিং করতে নেমেছিলেন পাকিস্তানের করাচিতে, ভারতীয় ঘড়িতেও তখন সময় ছিল ৩টা ৩৪!
টেন্ডুলকারের জীবনের গল্পটা কি সাজানো চিত্রনাট্য নয়? সত্যিকারের এক রূপকথা? উৎপল শুভ্র ঠিক করলেন, সেই রূপকথা মলাটবন্দী করবেন। সেই চাওয়াটাই অসাধারণ এক বই হয়ে জন্ম নিল। বইয়ের নাম এর চেয়ে সার্থক হতে পারত না—শচীন রূপকথা।
শচীন রূপকথার প্রকাশনা উৎসব হয়ে গেল গতকাল। প্রকাশনী সংস্থা প্রথমা প্রকাশনের কার্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, আতহার আলী খান, আকরাম খান, হাবিবুল বাশারের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। ছিলেন ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।
স্বাগত বক্তব্যে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘এখন আমাদের ক্রিকেট আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে। বলতে গর্ব হয়, আমাদের একজন ক্রিকেট লেখক আছেন, যিনিও আন্তর্জাতিক মানের।’
জালাল আহমেদ চৌধুরী অবশ্য উৎপল শুভ্রকে শুধু ‘ক্রিকেট লেখক’ মানতে ‘নারাজ, ‘শুভ্রর এই বইয়ে ক্রিকেট আছে, তবে তার চেয়ে বেশি আছে সাহিত্য। শুভ্রকে এখন আমি শুধু ক্রিকেট সাহিত্যিক বলি না। ও এখন পুরোপুরিই সাহিত্যিক। এই বই-ই এর প্রমাণ।’
আতহার আলী খান লেখকের সঙ্গে তাঁর অনেক স্মৃতির কথা বর্ণনা করে যোগ করলেন, ‘শুধু খেলোয়াড় নয়, ব্যক্তি জীবনে আপনি যে কাজটাই করেন, সেই কাজে প্যাশন থাকতে হয়। তবেই মেলে সাফল্য। টেন্ডুলকারকে উদাহরণ মেনেও যেকোনো পেশাতেই আপনি সফল হতে পারেন। যদি একই প্যাশন আপনার থাকে। এটি বুঝতেও বইটি সবার পড়া উচিত।’
সৈয়দ মনজুরুল ইসলাম বইটি হাতে পেয়েছেন আগের সন্ধ্যায়। রাতে পড়তে শুরু করে শেষ না করে উঠতে পারেননি, ‘রাত তিনটা পর্যন্ত জেগে বইটা শেষ করে তবেই ঘুমাতে গেছি। বইটি আমাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য অবশ্যপাঠ্য হওয়া উচিত।’
আনিসুল হকের উপস্থাপনায় ঘরোয়া আড্ডার মেজাজে চলেছে অনুষ্ঠান। ক্ষণে ক্ষণেই উঠেছে হাসির হুল্লোড়। এসবের মধ্যেই উঠে এল বাংলাদেশের ক্রিকেটে নিজের জায়গা থেকে উৎপল শুভ্রের অবদানের কথাও।
আকরাম যেমন বললেন, ‘মনে আছে আশির দশকে যখন ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করতাম, নিজের ছবি পত্রিকা অফিসে দিয়ে আসতাম। উৎপল শুভ্রসহ আরও কয়েকজন মাঠে গিয়ে ক্রিকেট কাভার করার চল শুরু করেছিলেন।’ ফারুক এর সঙ্গে যোগ করলেন, ‘ভালো খেলার পাশাপাশি ক্রিকেট নিয়ে আমাদের দেশের সুসাংবাদিকতাও খেলাটি জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছিল।’ সাহিত্যের নিবিষ্ট পাঠক হাবিবুল বাশারও বইটি পড়ে তাঁর মুগ্ধতার কথা জানালেন।
শুভ্র তাঁর বক্তব্যে স্মৃতিচারণা করেন প্রয়াত সাংবাদিক বন্ধু আল মুসাব্বির সাদীর। বইটি লিখতে গিয়ে ক্যানসার আক্রান্ত হয়ে অকালে মারা যাওয়া এই বন্ধুর কথা ভেবে শুভ্র অনেকবার কেঁদেছেন। টেন্ডুলকারের ভীষণ ভক্ত সাদী বেঁচে থাকলে আজ সবচেয়ে খুশি হতেন। বইটি তাই তাঁকেই উৎসর্গ করেছেন শুভ্র।