প্রথমে জনসন-আগুন, পরে ওয়ার্নার-শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমে জনসনের রুদ্ররূপ পরে ওয়ার্নার-শো দেখল দক্ষিণ আফ্রিকা।
প্রথমে জনসনের রুদ্ররূপ পরে ওয়ার্নার-শো দেখল দক্ষিণ আফ্রিকা।

মিচেল জনসন কী ‘জিনিস’ কদিন আগে তা হাড়ে হাড়ে বুঝেছে ইংল্যান্ড! জনসনের আগুনে পুড়ে খাঁক হওয়া অ্যালিস্টার কুকের দল সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার ত্রাহিদশা দেখে মুচকি হাসতেই পারে। মনে মনে বলতে পারেন, ‘বোঝো এবার!’

জনসনের রুদ্ররূপে ঝলসে গিয়েছে প্রোটিয়াদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ২০৬ রানে অলআউট হয়েছে গ্রায়েম স্মিথের দল। জনসনের ঝুলিতেই পড়েছে সাত উইকেট। ‘জনসন-ঝড়ে’র পরও নিস্তার মেলেনি দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নারের ষষ্ঠ টেস্ট শতকে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৪৭৯ রানে, হাত উইকেট সাতটি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ডেল স্টেইনের বলে ক্রিস রজার্সের উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর অ্যালেক্স ডুলানকে সঙ্গে নিয়ে ওয়ার্নার দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ২০৫ রান। ১১৫ করা ওয়ার্নারকে ফেরান পিটারসন আর ৮৯ করা ডুলানকে জেপি ডুমিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো শন মার্শ অপরাজিত রয়েছেন ৪৪ রানে আর অধিনায়ক মাইকেল ক্লার্কের রান ১৭। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬৯ ওভারে ৩ উইকেটে ২৮৮।
অন্যদিকে জনসনের ঝাঁজ দ্বিতীয় দিনেও টের পেল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৪৩.৩ ওভারে ৬ উইকেটে ১৪০। আজ তৃতীয় দিনে খেলেছে ১৭.৪ ওভার। তুলেছে ৬৬ রান। খুইয়েছে অবশিষ্ট ৪ উইকেট। আগের দিনে ৫২ রানে অপরাজিত থাকা এবি ডি ভিলিয়ার্স ১৯তম টেস্ট শতক থেকে ৯ রান দূরে থাকতেই ফিরেছেন ওই ‘খুনে’ জনসনের শিকার হয়ে।