প্রথমেই মুখোমুখি রিয়াল-সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্নাব্যুর অসুখী সাম্রাজ্যে হাসি ফোটানোর ব্রত রিয়াল মাদ্রিদের। আর ম্যানচেস্টার সিটির লড়াই ইউরোপীয় ক্লাব ফুটবলের কুলীন কুলে প্রতিষ্ঠা পাওয়ার।নতুন মৌসুম অনেক আগেই শুরু হলেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের লড়াই শুরু হচ্ছে আজ। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, আয়াক্স আমস্টারডাম, বরুসিয়া ডর্টমুন্ড—ইউরোপের অন্যতম সেরা চার লিগের চার চ্যাম্পিয়ন একই গ্রুপে পড়ায় ‘ডি’ গ্রুপটার নাম হয়ে গেছে ‘গ্রুপ অব ডেথ’। ‘মৃত্যু উপত্যকার’ এই চার দলকেই মাঠে দেখা যাবে আজ। বার্নাব্যুতে নয়টি শিরোপাজয়ী স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।নামছে এসি মিলান, আর্সেনালও। গত মৌসুমেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলা সিটি এই প্রথম যাচ্ছে রিয়ালের মাঠে। তবে বার্নাব্যুতে প্রথম আতিথ্য নিতে যাওয়া সিটি খেলার মাঠে নিশ্চয়ই উষ্ণ অভ্যর্থনা পাবে না। সম্মুখ লড়াই সামনে রেখে কথার তুবড়ি ফুটিয়ে পরিবেশটা ঠিকই গরম করে তুলেছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো।‘১০ বছর পর রিয়াল মাদ্রিদের মতো পরাশক্তি হয়ে উঠবে ম্যানচেস্টার সিটি’—কদিন আগে এমনই আশা-জাগানিয়া কথা বলেছেন রবার্তো মানচিনি। সিটি কোচের আশাকে তিরবিদ্ধ করেছেন মরিনহো, ‘ম্যানচেস্টার সিটি কখনোই টাকা দিয়ে রিয়াল মাদ্রিদের ট্রফি আর ঐতিহ্য কিনতে পারবে না।’ জবাবটা সিটি নিশ্চয়ই মাঠেই দিতে চাইবে। কিন্তু ম্যাচটি যে বার্নাব্যুতে।বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ছয় ম্যাচেই রিয়াল করেছে ২৪ গোল। জিতেছে সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই। তার পরও রিয়ালের একটা ভয় আছে, এবারের লিগে যে তাদের শুরুটা হয়েছে বাজে।চার ম্যাচের দুটিতেই হার। গত শনিবার সর্বশেষ ম্যাচটি সেভিয়ার কাছে হেরেছে ১-০ গোলে। ২০০১-০২ মৌসুমের পর এটাই রিয়ালের সবচেয়ে বাজে শুরু। তবে এই নেতিবাচকতার মধ্যেও একটা অনুপ্রেরণাও তারা খুঁজে নিতে পারে। ১০ বছর আগের ওই লিগটা জিততে না পারলেও জিতে নিয়েছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা। রিয়ালকে অনুপ্রেরণা জোগাবে আরও একটি উপলক্ষ, আজ জিতলেই ইতিহাসের প্রথম দল হিসেবে তারা ছুঁয়ে ফেলবে চ্যাম্পিয়নস লিগে শততম জয়ের মাইলফলক। শততম জয়ের দ্বারপ্রান্তে আছে আর দুটি ক্লাব—রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা (৯৭) ও ম্যানচেস্টার ইউনাইটেড (৯৮)। এসি মিলানের অবস্থাও রিয়ালের মতোই। লিগে নিজেদের মাঠে দুটিতেই হেরে ৮২ বছর পর সবচেয়ে বাজে শুরুর লজ্জার রেকর্ড গড়েছে। আজও সেই ঘরের মাঠেই তারা আতিথ্য দেবে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটকে। মাসিমিলিয়ানো অ্যালেগ্রিও মরিনহোর মতোই চ্যাম্পিয়নস লিগ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন। কিন্তু তাঁর হাতে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো অস্ত্রই যে নেই, যাঁর ওপর আস্থা রাখতে পারেন। চ্যাম্পিয়নস লিগে টানা ১৫ বারের মতো খেলতে আর্সেনাল উড়ে গেছে ফ্রান্সে। তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়নস লিগে অভিষেকের রোমাঞ্চকর অপেক্ষায় থাকা মঁপেলিয়ে। চ্যাম্পিয়নস লিগে আজ অভিষেক হচ্ছে মালাগারও। স্প্যানিশ ক্লাবটি নিজেদের মাঠে খেলবে জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে। এএফপি।এক নজরে আজকের ম্যাচ ডায়নামো জাগরেব - পোর্তো পিএসজি - ডায়নামো কিয়েভ মঁপেলিয়ে - আর্সেনাল অলিম্পিয়াকস - শালকে মালাগা - জেনিত এসি মিলান - আন্ডারলেখট বরুসিয়া ডর্টমুন্ড - আয়াক্স রিয়াল মাদ্রিদ - ম্যানচেস্টার সিটি