প্রধান কোচ ছাড়াই শুরু এইচপির ক্যাম্প
ত্রিনবাগো নাইট রাইডার্সের কোচ হিসেবে ব্যস্ত সিপিএলে। তা ছাড়া ক্যাম্পের শুরুতে ফিটনেস নিয়েই কাজ হবে বেশি। কাল থেকে শুরু বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) অনুশীলন ক্যাম্পে তাই আপাতত থাকছেন না প্রধান কোচ সাইমন হেলমট। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ কোরি বকিংই এখন দায়িত্বে ক্যাম্পের। ওয়েস্ট টাইগার্স রাগবি লিগ ক্লাবের সাবেক ফিজিক্যাল পারফরম্যান্স ম্যানেজার তিনি। বিগ ব্যাশে সিডনি থান্ডার ও আইসিএলে চেন্নাই সুপারস্টার্সের ট্রেনারের দায়িত্বও পালন করেছেন এই অস্ট্রেলিয়ান।
মিরপুরে কাল প্রথম দিনের ফিটনেস ট্রেনিংয়ের পর ক্যাম্প নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানালেন বকিং, ‘প্রথম ধাপে থাকছে ফিটনেস নিয়ে নিবিড় কাজ। এরপর ব্যক্তিগত স্কিল নিয়ে কাজ করা হবে। ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন হবে। শেষ দিকে ওদের কিছু অনুশীলন ম্যাচও খেলতে দেওয়া হবে।’
আট সপ্তাহের ক্যাম্পে অংশ নিচ্ছেন মোট ২৫ ক্রিকেটার। যেটির লক্ষ্য সম্পর্কেও জানিয়ে দিলেন বকিং, ‘আমাদের লক্ষ্য, এই ক্রিকেটারদের মধ্য থেকে অন্তত কয়েকজনকে জাতীয় দলের জন্য প্রস্তুত করা।’ প্রধান কোচ হেলমটের ঢাকায় আসার কথা আগস্টের প্রথম সপ্তাহে।