প্রধান কোচ কার্যত সহকারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে মোহামেডানের কোচ এমেকা ইউজিগো। কিন্তু ফুটবল ফেডারেশন থেকে দেওয়া খেলোয়াড় তালিকার নিচে মোহামেডানের কোচ হিসেবে কাল দেখা গেল আবদুল কাইয়ুম সেন্টুর নাম। এএফসির শর্ত অনুযায়ী পেশাদার ফুটবল লিগের কোচ হতে হলে কমপক্ষে ‘বি’ লাইসেন্সধারী হতে হবে। সেই লাইসেন্স নেই বলেই প্রধান কোচের ঘরে এমেকার নাম ওঠেনি। তবে প্রিমিয়ার লিগের বাইলজ অনুসারে কোচিং দলের একজন ‘বি’ লাইসেন্সধারীর সহকারী হিসেবে তিনি মাঠে আসতে পারেন। কার্যত মোহামেডানের প্রধান কোচ এখন ‘বি’ লাইসেন্সধারী কাইয়ুম। যদিও ডাগ-আউটে তিনিই যেন ছিলেন সহকারী, এমেকা খেলোয়াড়দের নির্দেশনা দিলেন প্রধান কোচের ভূমিকায়।তবে প্রধান না সহকারী—এসব নিয়ে কোনো উচ্চবাচ্য নেই এমেকার। পুরোনো কথাই বললেন এই নাইজেরিয়ান, ‘আমার যে কোচিং লাইসেন্স আছে সেটা উয়েফার, কনকাকাফের। এসব নিয়ে নতুন করে কিছু বলতে চাই না।’ তবে মাঠে তাঁকেই প্রধান কোচের ভূমিকাতেই দেখা যাবে বলে জানালেন। পাশে দাঁড়ানো কাইয়ুমের গলায় ঝোলানো প্রধান কোচের পরিচয়পত্র। তাঁকে এ বিষয়ে প্রশ্ন করতেই বিনয়ের সঙ্গে এড়িয়ে গেলেন, ‘এসব নিয়ে কিছু বলতে চাই না। দয়া করে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না।’১০ জনের শেখ রাসেলের কাছেও বড় পরাজয়ের দায় চাপিয়েছেন এমেকা খেলোয়াড়দের ঘাড়ে, ‘শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে যেমন খেলেছে সেটার ৩০ ভাগও আজ (কাল) খেলতে পারেনি।’