প্রধান নির্বাচক না হয়ে প্রতিবাদ করেছি: লতিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচক না হয়ে প্রতিবাদ করেছি: লতিফ
প্রধান নির্বাচক না হয়ে প্রতিবাদ করেছি: লতিফ

রশিদ লতিফ মানেই বিতর্ক বা দ্রোহ যা-ই বলুন না কেন! পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন ইস্যুতে সব সময়ই উচ্চকিত ছিলেন সাবেক এই অধিনায়ক ও উইকেটরক্ষক। নব্বইয়ের দশকে খেলোয়াড়ি জীবনে তিনি ম্যাচ ফিক্সিং-কাণ্ডে পাকিস্তানের কয়েকজন তারকা ক্রিকেটারের নাম বলে বিপুল বিতর্কের জন্ম দিয়েছিলেন। ক্রিকেট প্রশাসনের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ লতিফ সম্প্রতি আবার আলোচনায় প্রধান নির্বাচকের পদ গ্রহণ না করে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি এর আগে উল্লেখ করেছিলেন ‘কোনো বিতর্কে না জড়ানো’র ব্যাপারটি। সম্প্রতি নিজ দেশের এক পত্রিকাকে তিনি বলেছেন, প্রধান নির্বাচকের পদ গ্রহণ না করাটা তাঁর এক ধরনের প্রতিবাদ।
সেই প্রতিবাদটি আসলে কী? পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড সব সময় দুর্নীতির সঙ্গে আপস করে চলে। প্রধান নির্বাচকের পদটি না নেওয়ার পেছনে রয়েছে এই আপসকামীতার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ।
আগেই বলা হয়েছে, নব্বইয়ের দশকে ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারে অভিযোগ করে বহুমুখী বিতর্কে জড়িয়েছিলেন লতিফ। সেই অভিযোগের ফলে বিচারপতি কাইয়ূমের নেতৃত্বে একটি কমিশনও গঠিত হয়েছিল। লতিফ ট্রিবিউনকে জানিয়েছেন, বিচারপতি কাইয়ূমের সুপারিশে ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে শাস্তি পাওয়া কয়েকজন ক্রিকেটার সম্প্রতি পিসিবির বিভিন্ন পদে কাজ করা শুরু করেছে। ব্যাপারটি তিনি মন থেকে মেনে নিতে পারছেন না। তার পক্ষেও এসব দুর্নীতিবাজ ব্যক্তির সঙ্গে কাজ করা সম্ভব নয় বলে তিনি প্রধান নির্বাচকের পদটি নেননি।
লতিফ একেবারেই মেনে নিতে পারছেন না স্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ পেসার মোহাম্মদ আমিরকে পুনরায় ক্রিকেটে ফেরানোর উদ্যোগটি, ‘এটা ঠিক নয়। আমির যতই প্রতিভাবান হোক, সে দুর্নীতিবাজ। সে পাকিস্তান ক্রিকেট ও দেশের সঙ্গে বেইমানি করে শাস্তি ভোগ করছে। এমন চরিত্রের কাউকে আবার ক্রিকেটে ফেরানো হবে, আর আমি প্রধান নির্বাচক হিসেবে তার তত্ত্বাবধান করব, ব্যাপারটি আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।’