প্রধান নির্বাচকের কথায় আফ্রিদির আপত্তি
ফর্ম নেই। এ কারণে গত বছর ভারত সফরের ওয়ানডে সিরিজে ঠাঁই পাননি। এবার দক্ষিণ আফ্রিকা সফরে অবশ্য শহীদ আফ্রিদিকে ফিরিয়ে এনেছেন পাকিস্তানি নির্বাচকেরা।দলে ফেরাটা ৩২ বছর বয়সী আফ্রিদির জন্য অবশ্যই স্বস্তির, একই সঙ্গে তা বড় চাপও। কারণ, প্রধান নির্বাচক ইকবাল কাশিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজেকে প্রমাণ করার জন্য এটাই ‘শেষ সুযোগ’ আফ্রিদির।বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, প্রধান নির্বাচকের এই বক্তব্যটা মানতে পারছেন না আফ্রিদি। পাকিস্তানি এই অলরাউন্ডার মনে করেন, এমন বক্তব্য দিয়ে আসলে তাঁর ওপর চাপ বাড়িয়ে দেওয়া হয়েছে।করাচিতে আজ শনিবার সাংবাদিকদের আফ্রিদি বলেন, ‘আমি জানি না, কোন প্রেক্ষাপটে ইকবাল কাশিম এমন কথা বলেছেন। তবে আমার ওপর কারও চাপের বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। আমার ভক্তরা চায়, আমি খেলা চালিয়ে যাই। কতক্ষণ খেলা চালিয়ে যাব বা কখন থামব, এ সিদ্ধান্তটা আমি নিজে নেব।’আফ্রিদি জানান, দেশের হয়ে ভালো খেলতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। এ জন্য কাউকে কোনো কিছু মনে করিয়ে দিতে হবে না। আফ্রিদি বলেন, ‘কখন বিদায় নেব, এটা আমাকে বলার সুযোগ কাউকে কখনো দেব না আমি। সব সময় এটা বলে এসেছি। মনে প্রতিজ্ঞা নিয়েই আমি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছি। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এমন চ্যালেঞ্জ অতীতেও নিয়েছি।’শুধু আফ্রিদি একা নন, প্রধান নির্বাচকের বক্তব্যে আপত্তি তুলেছেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও। পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন, আফ্রিদি প্রসঙ্গে ‘অপ্রয়োজনীয়’ কথা বলেছেন ইকবাল কাশিম।