প্রভাবমুক্ত বিসিবি নির্বাচন চায় ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি যখন নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে, ঠিক তখনই আন্দোলনমুখর হয়ে উঠছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কার্যালয়ে নিজেদের মধ্যে এক সভা শেষে সংস্থার প্রধান ইউসুফ জামিল সাংবাদিকদের বলেছেন, বিসিবির নির্বাচন সম্পূর্ণ প্রভাবমুক্ত না হলে দেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো বিসিবির অধীনে সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড বর্জন করবে।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের অভিযোগ, বিভিন্ন জেলার কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে এর মধ্যেই অদৃশ্য চাপ আসতে শুরু করেছে। যার কারণে জেলা ও বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন স্বচ্ছ না-ও হতে পারে। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর সে সংশয়ের কথাই বললেন। ইউসুফ জামিলের কথার প্রতিধ্বনি তাঁর কণ্ঠেও, ‘আমরা বিসিবির নির্বাচনকে স্বাগত জানাই। কিন্তু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কাউন্সিলর মনোনয়ন তাদের গঠনতন্ত্র অনুযায়ী হতে হবে। এ ক্ষেত্রে কোনো মহল প্রভাব বিস্তার করার চেষ্টা করলে আমরা সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সভায় বর্তমান অস্থায়ী কমিটি ভেঙে বিসিবির নির্বাচনের দায়িত্বভার নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন কমিটির হাতে তুলে দেওয়ার জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) অনুরোধ জানানোরও সিদ্ধান্ত হয়েছে। ‘বিসিবির বর্তমান সভাপতি নিজেই বলেছেন, নির্বাচনে তাঁর একটা প্যানেল থাকবে। এ অবস্থায় তাঁর অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। সে জন্য আমরা চাই এনএসসি নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করুক’—বলেছেন আলমগীর।
নিজেদের দাবি-দাওয়া নিয়ে কথা বলার জন্য জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সংগঠকেরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছেন বলেও জানা গেছে।