প্রমাণ চায় পিসিবি, নইলে শাস্তি
আবারও খবরের কেন্দ্রে জুলকারনাইন হায়দার। দুই বছর আগে পাতানো খেলার অভিযোগ তুলে পাকিস্তান দল ত্যাগ করে যুক্তরাজ্যে পালিয়ে গিয়েছিলেন এই উইকেটরক্ষক। নিজের প্রাণ বিপন্ন উল্লেখ করে সেখানে রাজনৈতিক আশ্রয়ও চেয়েছিলেন তিনি। এরপর কিছুদিন পাতানো খেলার বিষয়ে নানা অভিযোগ তুলে জুলকারনাইন ছিলেন খবরের শিরোনাম। অনেক দিন পর তিনি আবার খবরের জন্ম দিয়েছেন পাকিস্তান দলে তাঁর সতীর্থ ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ তুলে।সম্প্রতি পাকিস্তান দলে কামরান আকমলকে নেওয়া ঠিক হয়নি বলে ফেসবুকে মন্তব্য করেন জুলকারনাইন। তাঁর অভিযোগ, কামরানের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তা ছাড়া আইসিসিও এখন পর্যন্ত তাঁকে ছাড়পত্র দেয়নি। ফেসবুক ছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে জুলকারনাইন হুমকি দিয়েছেন, কামরান আইসিসির ছাড়পত্র দেখাতে না পারলে পাকিস্তানের আরও অনেক ক্রিকেটারের দুর্নীতির খবর ফাঁস করে দেবেন তিনি। পাকিস্তানি দৈনিক ‘দ্য নেশন’-এর খবরে বলা হয়েছে, জুলকারনাইনের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। কামরানসহ নাম প্রকাশ না করা অন্য ক্রিকেটারদের অভিযোগের প্রমাণ দিতে জুলকারনাইনকে চিঠি দেওয়া হয়েছে। ৩১ আগস্টের মধ্যে প্রমাণ না দিলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বোর্ড।পিসিবির প্রধান অপারেটিং অফিসার সুবহান আহমেদ লাহোরে সাংবাদিকদের বলেন, ‘জুলকারনাইনের সাম্প্রতিক অভিযোগ বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা। কারণ, যখন ওকে আমরা ক্ষমা করে দিয়েছিলাম, তখন ও প্রতিজ্ঞা করেছিল যে ভবিষ্যতে শৃঙ্খলা ভঙ্গের মতো কিছু করবে না। বোর্ডের দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের কাছে অভিযোগের বিস্তারিত প্রমাণ দিতে জুলকারনাইনকে চিঠি দিয়েছি আমরা।’ ২০১০ সালের নভেম্বরে পাকিস্তান দল ছেড়ে যুক্তরাজ্যে পালিয়ে যাওয়ার পর ক্রিকেট থেকেই অবসর নিয়েছিলেন তিনি। পরে অবশ্য অবসর প্রত্যাহার করে নেন। কিন্তু এরপর আর পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি ২৬ বছর বয়সী জুলকারনাইন।