প্রমাণিত হলো তিনি 'পুরুষ' নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিংকি প্রামাণিক।
পিংকি প্রামাণিক।

তাঁর নাম পিংকি প্রামাণিক। ভারতের অন্যতম সেরা অ্যাথলেট। ২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে ৪০০ মিটার রিলেতে তিনি দেশকে উপহার দিয়েছিলেন সোনার পদক। এশিয়াড ছাড়াও এশীয় পর্যায়ের অন্যান্য প্রতিযোগিতায়ও তিনি পেয়েছেন সাফল্য। পদক জিতেছেন ২০০৬ সালে মেলবোর্ন কমনওয়েলথ গেমসেও। তাঁর একাধিক সোনার পদক আছে এসএ গেমসেও। সেই পিংকি প্রামাণিককেই কিনা আদালতে প্রমাণ করতে হলো যে তিনি পুরুষ নন!

পিংকি একজন ‘পুরুষ’— তাঁর বিরুদ্ধে এই অভিযোগ অনেক দিন ধরেই। বিভিন্ন অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্পে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তাঁর সতীর্থরাই। তিনি নারী, পুরুষ না উভয়লিঙ্গ—এ নিয়ে বেশ কিছু দিন ধরেই বিতর্কে উত্তপ্ত ভারতের ক্রীড়াঙ্গন। অবশেষে গতকাল শুক্রবার কলকাতা হাইকোর্ট এক রায়ে জানিয়ে দিয়েছেন, পিংকি পুরুষ নন, একজন নারীই।

পিংকির বাড়িতে বসবাসকারী একজন পরিচারিকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পিংকিকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই পরিচারিকা অভিযোগ করেন, পিংকি তাঁকে ধর্ষণ করতে উদ্যত হয়েছিলেন। একই সঙ্গে পরিচারিকার অভিযোগ ছিল, পিংকি নারীর ছদ্মবেশে একজন পুরুষ।

গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাঁকে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয়। এক ক্লান্তিকর আই​নি লড়াই শেষেই এই অপবাদের হাত থেকে মুক্তি মিলল পিংকির।

লিঙ্গ-বিভ্রাট ছাড়াও পিংকির অতীত ক্যারিয়ার ছিল সব সময়ই বিতর্ক-সংকুল। একবার ​কিটব্যাগে আগ্নেয়াস্ত্র রেখে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন তিনি। আরও একবার জোরে বাইক চালিয়ে হয়েছিলেন খবরের শিরোনাম।

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি গ্রামে জন্ম নেওয়া এই অ্যাথলেট অপবাদ থেকে মুক্তি পেয়ে স্বস্তিই প্রকাশ করেছেন। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন ক্রীড়া ক্ষেত্রে ভবিষ্যতে নিজেকে নতুন করে প্রমাণের প্রত্যয়ও। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।