প্রমীলা ফুটবলে আনসারই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মহিলা ফুটবলের ফাইনালের শুরুটা ছিল শোকাবহ। ফুটবল খেলতে গিয়ে লাশ হয়ে ফেরা মিরসরাইয়ের স্কুলছাত্রদের স্মরণে এক মিনিটের নীরবতা নেমে আসে পুরো স্টেডিয়ামে। ম্যাচের সময় নীরবতা ভাঙল ‘আনসার, আনসার’ ধ্বনিতে। যে ধ্বনি তুঙ্গে উঠল শেষ বাঁশি বাজার পর। কারণ ৪-০ গোলে নারায়ণগঞ্জকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে আনসার।হাজার তিনেক দর্শক ছিল। বেশির ভাগই আনসারের সদস্য। এত দর্শক চট্টগ্রাম লিগও নিকট অতীতে দেখেনি। একপেশে ফাইনালটা মাতিয়ে রাখায় এই দর্শকদেরই বেশি অবদান।চতুর্থ মিনিটেই ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন স্টপার ফারহানা। ২০ মিনিট পর ফারহানার শট ফিরে আসে ক্রসবারে লেগে। তবে এর আগেই গোলসংখ্যা দ্বিগুণ করেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা অং ম্রাচিং মারমা। প্রথমার্ধে গোল এই দুটিই। ওই অর্ধে একবারের জন্যও বল আনসারের সীমানায় নিতে পারেনি নারায়ণগঞ্জ।দ্বিতীয়ার্ধে দু-একবার তা পেরেছে, কিন্তু ফারহানার নেতৃত্বাধীন রক্ষণভাগের বাধায় সেসব আর ফলপ্রসূ হয়নি। ৫২ মিনিটে জোরালো শটে গোল করে আনসারকে ৩-০ গোলে এগিয়ে নেন মাইনু মারমা। ১০ মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বলে জাহানারার শট ব্যবধান বানিয়ে দেয় ৪-০।খেলা শেষে সংস্থার পতাকা নিয়ে ল্যাপ অব অনার দিলেন আনসারের ফুটবলাররা। উল্লসিত কোচ সুইহ্লা মং মারমা গর্বের সঙ্গে বললেন, ‘আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়নশিপ। সর্বক্ষেত্রে আমার মেয়েরা এগিয়ে ছিল।’পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বোচ্চ গোলদাতা অং ম্রাচিং মারমার নাম ঘোষণা হতেই আনসার শিবিরে ‘মেসি, মেসি’ চিৎকার। টুর্নামেন্টে ১৩ গোল করা অং ম্রাচিং তাঁর দলে ‘মেসি’ নামেই পরিচিত। এটা খুব উপভোগই করেন তিনি, ‘মেসি আমার প্রিয় খেলোয়াড়। দলের সবাই আমাকেও মেসি নামে ডাকে। শুনতে ভালোই লাগে।’ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন যশোরের আকলিমা।