প্রযুক্তি-বিরোধী ডিকি বার্ড
আম্পায়ারদের কাজকে সহজ করতে, নিখুঁত সিদ্ধান্ত দিতে সহায়তা করতে ক্রিকেটে যোগ হচ্ছে নিত্য নতুন সব প্রযুক্তি। তবে ক্রিকেটে প্রযুক্তি সংযোজনের ঘোর বিরোধী কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড।আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ৩৩ বছর আম্পায়ারিং করে ১৯৯৬ সালে অবসর নেন বার্ড। ৭৯ বছর বয়সী এই কিংবদন্তি আম্পায়ারকে বাকিংহাম প্রাসাদে গতকাল মঙ্গলবার অফিসার অব অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার (ওবিই) খেতাবে ভূষিত করেন প্রিন্স চার্লস।সম্মানসূচক খেতাব হাতে নিয়ে বার্ড জানান, এখনো আম্পায়ারিং মিস করেন তিনি। তবে তাঁর আপত্তি ক্রিকেটের নানা প্রযুক্তি নিয়ে। সিদ্ধান্তের ক্ষেত্রে রিপ্লের ব্যবহারেরও পক্ষে নন তিনি।বার্ড বলেন, ‘আমি এখনো আম্পায়ারিং মিস করি। কিন্তু এটা ঠিক আগের মতো নেই—পুরোপুরি বদলে গেছে। এখান যন্ত্র দিয়ে আম্পায়ারিং করা হয়। কিন্তু আমাদের যুগে মাঠেই সিদ্ধান্ত নিতাম আমরা।’বার্ড আরও বলেন, ‘আমাদের সময়ে আম্পায়াররা যখন কোনো ভুল করত, লোকে এ নিয়ে ক্লাব, সংবাদপত্র, রেডিও, টেলিভিশনে কথা বলত। এটা খেলারই অংশ ছিল। কিন্তু এখন এটা অনেক বেশি বদলে গেছে। আগের দিনগুলো অবশ্যই মিস করি। অবশ্য এটা ঠিক, সময় থেমে থাকে না।’