প্রশংসা করেও অভিযুক্ত ফার্গুসন!
নেতিবাচক কোনো মন্তব্য করেননি। হাওয়ার্ড ওয়েবকে আখ্যায়িত করেছিলেন দেশের ‘সেরা রেফারি’ হিসেবে। আর এ মন্তব্যের ‘অপরাধে’ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।প্রশংসা করেও অভিযুক্ত! বিস্ময় প্রকাশ করাটাই স্বাভাবিক। তবে ফার্গুসনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ ঠিক কাজটিই করেছে। গত রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারায় ম্যানইউ। এর দুই দিন আগে এক সংবাদ সম্মেলনে ফার্গুসন মন্তব্য করেন, ‘সামনের ম্যাচে আমরা সেরা রেফারিকেই পেতে যাচ্ছি। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই।’ রেফারি হাওয়ার্ডকে নিয়ে এ মন্তব্যে অপমানজনক বা নেতিবাচক কিছু নেই সত্যি। কিন্তু ম্যাচের আগে রেফারিকে নিয়ে যেকোনো ধরনের মন্তব্য করা ‘এফএ’র নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। নীতিমালায় বলা আছে, ম্যাচের আগে রেফারিকে নিয়ে ইতিবাচক বা নেতিবাচক কোন মন্তব্যই কোচ করতে পারবেন না।গত মার্চে চেলসির কাছে ২-১ গোলে হারার পর রেফারির সমালোচনা করে পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞা পেতে হয়েছিল ফার্গুসনকে। একই সঙ্গে জরিমানা গুণতে হয়েছিল ৩০ হাজার পাউন্ড। ভাগ্যকে দোষারূপ করতেই পারেন ম্যানইউ বস। এবার যে তিনি শাস্তির মুখোমুখি রেফারির প্রশংসা করে! রয়টার্স।