প্রশংসার জোয়ারে অ্যান্ডারসন

সংবাদমাধ্যমে তাঁর জয়জয়কার, অধিনায়ক প্রশংসায় পঞ্চমুখ। মাইকেল হোল্ডিংয়ের সূত্র বলছে, গ্রেটনেস এখন হাতছোঁয়া দূরত্বে। তাঁকে দেখে ইয়ান বোথামের মনে পড়ে যায় রিচার্ড হ্যাডলির কথা। পরামর্শ দিয়েছেন, মহামূল্য এই রত্নকে সযত্নে আগলে রাখতে। কণ্ঠে শঙ্কা, ইনজুরিতে পড়লে দলের কী হবে! জেমস অ্যান্ডারসন এখন এমনই এক সম্পদ। দলের আশা-ভরসা, সম্ভাবনা-শঙ্কা সবই যেন তাঁকে ঘিরেই! ইংলিশ পেস আক্রমণের নেতা অনেক দিন থেকেই। তবে ব্রডের চোট আর ফর্মে অধারাবাহিকতা, ব্রেসনান-ফিনদের পারফরম্যান্সে ওঠা-নামা মিলিয়ে গত কিছুদিনে প্রকাশ্য হয়ে উঠেছে অ্যান্ডারসনের ওপর ইংল্যান্ডের অতিনির্ভরতা। গত ডিসেম্বর ভারতে ইংল্যান্ডের অভাবনীয় সিরিজ জয়ের পর মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, ‘দুদলের মাঝে পার্থক্য গড়ে দিয়েছেন অ্যান্ডারসন।’ প্রতি সিরিজেই প্রতিপক্ষের মূল ভাবনা থাকে তাঁকে ঘিরে। এই অ্যাশেজেও তাঁকেই মনে করা হচ্ছিল ইংল্যান্ডের ট্রাম্প কার্ড। ট্রেন্ট ব্রিজে সেটি সত্যি বলে প্রমাণিত।ওয়েস্ট ইন্ডিজ গ্রেট মাইকেল হোল্ডিংয়ের ‘গ্রেটনেস তত্ত্ব’ টেনে দ্য টেলিগ্রাফ-এ সাইমন হিউজ লিখেছেন, ‘বোলারদের মূল্যায়নে মাইকেল হোল্ডিংয়ের একটা ভালো মানদণ্ড আছে। দীর্ঘ সময় ধরে কোনো বোলার টেস্টপ্রতি গড়ে ৪ উইকেট নিতে পারলেই কেবল তাঁকে গ্রেট বলা যায়। এই ম্যাচের ১০ উইকেটে সেটির আরেকটু কাছে চলে এলেন জিমি অ্যান্ডারসন। এখন তিনি গ্রেটনেসের দ্বারপ্রান্তে।’ ৮৩ টেস্টে অ্যান্ডারসনের এখন ৩১৭ উইকেট, গড়ে প্রতি টেস্টে উইকেট ৩.৮২টি।অ্যান্ডারসনে মুগ্ধতার কথা আগেও অনেকবার বলেছেন ইয়ান বোথাম। অ্যাশেজে স্মরণীয় সব পারফরম্যান্সের নায়ক এই ইংলিশ গ্রেটের মুগ্ধতা যেন নতুন মাত্রা পেয়েছে ট্রেন্ট ব্রিজের অ্যান্ডারসনকে দেখে, ‘অ্যান্ডারসনের মতো একজন যেকোনো অধিনায়কের স্বপ্ন। শেষ উইকেটটা ওরই প্রাপ্য ছিল। সেই অন্ধকার সময়টার কথা আমার মনে পড়ছে, যখন কোচরা ওর অ্যাকশন বদলে ফেলতে চেয়েছিল। যা ছিল হাস্যকর! ও সহজাত এক বোলার, অ্যাকশন শুধুই ওর নিজের। এটা নিয়ে অনেক কাজ করেছে ও।’ অ্যান্ডারসনের রূপান্তরটা মনে করিয়ে দিয়ে বোথাম তাঁকে আগলে রাখারও পরামর্শ দিয়েছেন, ‘একসময় ও যত জোরে সম্ভব বল করতে চাইত। কিন্তু রিচার্ড হ্যাডলির মতোই নিজেকে বদলে ফেলেছে, দক্ষতা বাড়িয়েছে এবং এখন নিজের সীমার মধ্যে থেকেই বোলিং করে। ওর নিয়ন্ত্রণ অসাধারণ, আর এটা এমনি এমনি হয়ে যায় না। ও স্রেফ অসাধারণ, ইংল্যান্ডের উচিত ওকে সযত্নে আগলে রাখা। ও শুধু বসে থাকবে, কিছুই করবে না এবং বৃহস্পতিবার পরের টেস্টের জন্য প্রস্তুত হবে। ওকে বিশ্রাম নিতে দাও! ভাবতেও ভয় লাগে, ও ইনজুরিতে পড়লে কী হবে!’
টেস্টের শেষ দিন ৪ উইকেটের সব কটিই নিয়েছেন অ্যান্ডারসন। সকালে ১৩ ওভারের এক স্পেলে ২৯ রানে নিয়েছেন ৩ উইকেট। লাঞ্চের পর মহামূল্যবান শেষ উইকেট। অধিনায়ক অ্যালিস্টার কুক দক্ষতার পাশাপাশি মুগ্ধ অ্যান্ডারসনের সহ্যক্ষমতায়ও, ‘জিমির দক্ষতার কথা আমরা সবাই জানি। কিন্তু মরা উইকেটে এই গরমের মধ্যে যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছে, সেটা ছিল অসাধারণ।’ অ্যান্ডারসন অবশ্য লম্বা স্পেল করতে হওয়ায় বিন্দুমাত্র অস্বস্তি বোধ করেননি। ম্যাচ শেষে বলেছেন, ‘জানতাম, আজ (পরশু) সকালে কাজটা সহজ হবে না। ওদের ব্যাটিংয়ের লেজ বেশ শক্তিশালী, জানতাম আমাদের ভালো বোলিং করতে হবে। সকালে আমি ছন্দ খুঁজে পেলাম, অধিনায়কও আমাকে ১৩ ওভার বোলিং করাল। আমি স্রেফ উচ্ছ্বসিত।’ এএফপি।