প্রশংসায় ভাসছে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের বিপক্ষে জিতেও ইতিহাসের প্রথম স্বাগতিক দল হিসেবে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে আফ্রিকার মাটিতে প্রথম বিশ্বকাপে স্বাগতিকেরা প্রথম রাউন্ড উতরাতে পারেনি বলে মোটেও সমালোচনা করছে না কেউ। সে দেশের মিডিয়া বরং বাফানা বাফানাদের প্রশংসাতেই ভাসছে।দক্ষিণ আফ্রিকার পত্রপত্রিকার পাতায় পাতায়ই বাফানা বাফানাদের পারফরম্যান্সের প্রশংসার গান। কোচ আলবার্তো পাহেইরা, প্রেসিডেন্ট জ্যাকব জুমা, বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডানদের মুখে ঝরছে মোকোয়েনা-শাবালালাদের প্রশংসা। ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলের জয়ের পরদিন দ্য টাইমস শিরোনাম করেছে ‘কী চমৎকার বিদায়!’ ভেতরে লিখেছে, ‘বাফানারা হয়তো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, কিন্তু ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলের জয় আমাদের গর্বিত করেছে।’অধিকাংশ পত্রিকাই শিরোনাম করেছে এক-দুই শব্দে। দ্য সোয়েটান শিরোনাম করেছে এক শব্দে ‘বীরেরা’। বিজনেস ডের শিরোনাম ‘দুঃসাহসিক প্রচেষ্টা’। দ্য স্টার মোকোয়েনাদের পারফরম্যান্সকে প্রকাশ করেছে এক কথায় ‘সাহসী’।স্বাগতিকদের অকালবিদায়ে নাকি টুর্নামেন্ট বিবর্ণ হয়ে যায়! দক্ষিণ আফ্রিকান মিডিয়া এটাও মানতে নারাজ। আর প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, ‘আজ (পরশু) আমরা ফ্রান্সের বিপক্ষে একটি ম্যাচ জিতেছি। কিন্তু সত্যিকারের জয়টা আমাদের দেশের। দক্ষিণ আফ্রিকা বড় জয় বিশ্বকাপের স্বাগতিক হওয়া।’ এএফপি।