প্রশস্তি-মিছিলে এবার টেন্ডুলকার
দুজন লড়েছেন রোমাঞ্চকর সব লড়াই। মাঠের ক্রিকেটে দুজনই শাসকশ্রেণীর। একজন বল হাতে, আরেকজন ব্যাট হাতে। মাঠের বাইরেও একটা জায়গায় দুজনের দারুণ মিল—দারুণ বিনয়ী। গ্রেট ক্রিকেটারের সঙ্গে দুজনেরই অলংকার ‘ভালো মানুষ’ ভাবমূর্তি। সতীর্থদের তো বটেই প্রিয়পাত্র প্রতিপক্ষেরও। একজনের বিদায়বেলায় আরেকজন প্রশংসায় ভাসাবেন, এটাই তো হওয়ার কথা!মাঠের প্রবল প্রতিপক্ষ ব্রেট লির প্রতি শচীন টেন্ডুলকারের টুইট, ‘বিঙ্গা, তোমার বিপক্ষে খেলা ছিল দারুণ আনন্দের। সফল একটি ক্যারিয়ারের জন্য অভিনন্দন...ভবিষ্যতের জন্য শুভকামনা।’ লির শ্রদ্ধাভরা জবাব, ‘সত্যিই এটা ছিল আনন্দের, বন্ধু। মাঠে কঠিন সব লড়াইয়ের জন্য ধন্যবাদ। তুমি নিশ্চিতভাবেই আমার সেরাটা বের করে এনেছ।’ আইপিএল, মডেলিং, গান, চ্যারিটি—সব মিলিয়ে ভারতের সঙ্গে লির যোগাযোগ অতিঘনিষ্ঠ। ভারতে তাই বন্ধুরও অভাব নেই। যুবরাজের সঙ্গে বন্ধুত্ব আরও বেশি একসঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাবে অনেক দিন খেলেছেন বলে। বন্ধুর বিদায়ে বিষণ্ন যুবরাজের টুইট, ‘ও এমন একজন যে সব সময় বোলিং করেছে নিজেকে উজাড় করে দিয়ে। ম্যাচ উইনার, চ্যাম্পিয়ন বোলার, বিশ্বমানের অ্যাথলেট, দারুণ এক বন্ধু, অসাধারণ এক মানুষ। লির অবসরে আমি বিষণ্ন।’ক্রিকেট-বিশ্বজুড়েই বন্ধুর অভাব নেই বলেই হয়তো টুইটার, বিবৃতিতে লির প্রতি এমন শ্রদ্ধা, শুভকামনা বয়ে গেছে বানের জলের মতো। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের টুইট, ‘দারুণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন লি। তোমার সঙ্গে খেলতে পারাটা দারুণ ছিল বলতে পারলে ভালো লাগত, কিন্তু বেশির ভাগ সময়ই অভিজ্ঞতা ছিল ভীতিকর!’ বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের মনের কথাটা যেন বলে দিয়েছেন আরেক ইংলিশ ব্যাটসম্যান পল কলিংউড, ‘ব্যাটসম্যানরা আজ অনেক খুশি! অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন, ও ব্যাগি গ্রিন পরেছে দারুণ গর্ব নিয়ে।’চোটের সঙ্গে লির নিত্য লড়াই কাছ থেকে দেখেছেন জেসন গিলেস্পি। পেস আক্রমণে দীর্ঘদিনের সঙ্গীর মনে পড়ল সেটাই, ‘অভিনন্দন চ্যাম্পিয়ন, চোটের সঙ্গে লড়াই করে এতবার ফিরে আসাও ছিল ভীষণ অনুপ্রেরণাদায়ী। অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি।’ মাঠের লির কথা বলেছেন লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন, ‘তুমি খেলেছ সঠিক চেতনা, হূদয় ও আবেগ দিয়ে। তোমার সঙ্গে খেলতে পারাটা ছিল তৃপ্তির।’ প্রতিপক্ষের চোখে লি কেমন, এর একটা নমুনা সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যাডাম হলিওকের টুইটে, ‘প্রচণ্ড আগ্রাসী, বলে আগুন ঝরাত কিন্তু মুখে থাকত হাসি! অসাধারণ এক মানুষ...শ্রদ্ধা।’ আর প্রধান নির্বাচক জন ইনভেরারিটির মন্তব্যই হয়তো লিকে নিয়ে শেষ কথা, ‘পরিসংখ্যান শুধু গল্পের অর্ধেকটাই বলছে। লি ছিল খেলাটার অলংকার, অসাধারণ ক্রিকেটার, সাহসী যোদ্ধা, উদার প্রতিপক্ষ ও এমন একজন, খেলাটার স্পিরিট যে সব সময় উঁচুতে তুলে ধরত।’ ওয়েবসাইট।