প্রশিক্ষণের টাকা খরচই হচ্ছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণের টাকার জন্য কত হাপিত্যেশ ফেডারেশনগুলোর! জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বারান্দায় ঘুরে ঘুরে ফেডারেশনের কর্মকর্তারা ত্যক্তবিরক্ত। কিন্তু প্রশিক্ষণের টাকা যেন সোনার হরিণ!
এটুকু পড়ে কেউ যদি বুঝে নেন, এনএসসির হাতে প্রশিক্ষণের জন্য টাকা নেই, ভুল। এএনসির প্রশিক্ষণ খাতে অর্থ বরাদ্দ কম সত্য, কিন্তু সেটিও খরচ হচ্ছে না!
ক্রীড়াঙ্গনের জন্য উদ্বেগজনক এই চিত্র কাল উঠে এসেছে এনএসসির ২০১২-১৩ সংশোধিত বাজেট অনুমোদন এবং ২০১৩-১৪ বাজেট পাস সভায়। গত বছর প্রশিক্ষণ বাবদ এনএসসির বরাদ্দ ছিল ১ কোটি ৪০ লাখ টাকার মতো। খরচ হয়েছে মাত্র ১৬ লাখের সামান্য বেশি! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রতিভা খোঁজার জন্য বরাদ্দ এক কোটি টাকার পুরোটাই খরচ করলেও প্রায় দেড় কোটি টাকার প্রশিক্ষণ বরাদ্দের মধ্যে মাত্র ১৬ লাখ খরচ হলো কেন?
সোজা উত্তর, এনএসসি ফেডারেশনকে টাকা দিলেই তো খরচ হবে। সেই টাকাই দিচ্ছে না। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ক্রীড়া ফেডারেশন ফোরামের সভাপতি আসাদুজ্জামান কোহিনুরের কথায় তাই ক্ষোভ, ‘আমরা হ্যান্ডবলের পক্ষ থেকে বহুবার প্রশিক্ষণের জন্য টাকা চেয়েছি এনএসসির কাছে। কিন্তু টাকা মেলেনি। টাকা চাইলে এনএসসি পাত্তাই দেয় না।’
এমন অবস্থায় ২০১৩-১৪ বছরে প্রশিক্ষণ বাবদ বরাদ্দ বাড়ানো হয়েছে ১০ শতাংশ। মোট বাজেটের (১০৫ কোটি টাকা) যা একটা বিন্দু মাত্র (২ কোটি টাকা)। সভায় উপস্থিত একজন ফেডারেশন প্রতিনিধি এনএসসির কর্মকর্তাদের প্রশ্ন করেন, এই অর্থ কি সারা দেশে খেলা পরিচালনা এবং প্রতিভা অন্বেষণে পর্যাপ্ত? এ প্রশ্নের উত্তর এনএসসির ভালোই জানা আছে। কিন্তু সরকারি এ প্রতিষ্ঠান চলছে পুরনো ধাঁচেই। বাজেটের প্রায় পুরোটাই চলে যাচ্ছে অবকাঠামো আর কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতায়।
ক্রীড়া উন্নয়নের জন্য চাই আরও টাকা। বাফুফের সহসভাপতি বাদল রায় সভায় উপস্থিত থেকে অনুশীলন খাতে অন্তত ১০-১২ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন। সেটি আদৌ পূরণ হবে কি না কে জানে।
এবার বরাদ্দ কিছুটা বাড়লেও সেটিকে খুবই অপ্রতুল বলছেন বাদল রায়, ‘এনএসসির বাজেটে খেলার বরাদ্দ খুবই অল্প। এই যুগে খেলাকে প্রাধান্য দিয়ে বাজেট করা উচিত, এনএসসি তার ধারেকাছেও নেই। তারা গতানুগতিকভাবেই চলছে। তাই আগামী বাজেটের আগে যেন ফেডারেশনগুলোর সঙ্গে কথা বলে। নইলে এ ধরনের বাজেট ক্রীড়া উন্নয়নে কোনো ভূমিকাই রাখবে না।’
এনএসসির কোষাধ্যক্ষ মনজুর হাসান (মিন্টু) এ নিয়ে তাঁর ১২তম বাজেট দিলেন। কিন্তু প্রশিক্ষণের জন্য বরাদ্দ এত কম কেন জানতে চাইলে বললেন, ‘বরাদ্দ তো বেড়েছে। সরকার আসলে স্পনসর থেকে টাকা নিয়ে ফেডারেশনগুলোকে চলতে উৎসাহ দিচ্ছে।’
প্রশিক্ষণের জন্য স্পনসর জোগাড় করা কঠিন। অথচ এনএসসির তহবিলে প্রশিক্ষণ বাবদ বরাদ্দ বেঁচে যাচ্ছে!