প্রশ্নটা কে জিতবে নয়, কে হারবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অকল্যান্ডে গতকাল সংবাদ সম্মেলনে দুই অধিনায়ক—নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স l ছবি: এএফপি
অকল্যান্ডে গতকাল সংবাদ সম্মেলনে দুই অধিনায়ক—নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স l ছবি: এএফপি

কে জিতবে—নিউজিল্যান্ড, না দক্ষিণ আফ্রিকা?
প্রশ্ন হওয়া উচিত এটাই। অথচ অকল্যান্ডে প্রথম সেমিফাইনালের আগে এটির বদলে সবচেয়ে উচ্চারিত প্রশ্ন: কে হারবে—নিউজিল্যান্ড, না দক্ষিণ আফ্রিকা?
এটা যদি ব্যতিক্রমী হয়, অস্ট্রেলিয়ানদের চাওয়াটাও তা-ই। অন্যসব ক্ষেত্রে যতই মিল থাক, খেলায় নিউজিল্যান্ডের সাফল্য দেখার মতো মর্মান্তিক আর কিছু নেই অস্ট্রেলিয়ানদের কাছে। অথচ আজকের ম্যাচে অস্ট্রেলিয়ানরা কিনা নিউজিল্যান্ডের জয় চাইছে!
একটু ভুল বলা হলো, অপছন্দের তালিকায় নিউজিল্যান্ড ২ নম্বরে। ১ নম্বরে অবশ্যই ইংল্যান্ড। অজিদের কাছে নিজেদের জয় আর পমিদের পরাজয় এখানে প্রায় একই রকম আনন্দ বয়ে আনে। নইলে ‘পমি’ মানে ইংল্যান্ডকে এই বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ার জন্য বাংলাদেশের সাংবাদিকও কি এমন বাহবা পেতেন নাকি!
পরশু ফক্স স্পোর্টসে সেমিফাইনাল নিয়ে টক শোতে সঞ্চালক ব্রেন্ডন জুলিয়ানের সঙ্গে অ্যালান বোর্ডার, ব্রায়ান লারা, মার্ক ওয়াহ ও কেভিন পিটারসেন। এই বিশ্বকাপের হাইলাইটস বলতে গিয়ে অন্যরা বৃহত্তর ক্রিকেটে চলে গেলেন। কিন্তু মার্ক ওয়াহ একটা হাসি দিয়ে বললেন, ‘এই বিশ্বকাপে শেষ পর্যন্ত যা-ই হোক না কেন, আমার কাছে হাইলাইটস হয়ে থাকবে বাংলাদেশের ইংল্যান্ডকে বিদায় করে দেওয়া। এর চেয়ে তৃপ্তির আর কী হতে পারে!’
‘পমি’দের মতো না হলেও ‘কিউই’রাও তো শত্রু বলে গণ্য। তাহলে আজ নিউজিল্যান্ডের জয় চাইছে কেন অস্ট্রেলিয়ানরা? উত্তর খুব সহজ—নিজেদের স্বার্থের কথা ভেবে। গত বারো মাসে নিউজিল্যান্ড দেশের বাইরে মাত্র ৫টি ওয়ানডে খেলেছে। অস্ট্রেলিয়ায় সর্বশেষ খেলেছে ছয় বছরেরও বেশি আগে। ২৯ মার্চ মেলবোর্নে নিউজিল্যান্ডকে পেলে তাদের পিষে ফেলতে কোনো সমস্যাই হবে না বলে বিশ্বাস অস্ট্রেলিয়ানদের। দক্ষিণ আফ্রিকাকে যেখানে অনেক বেশি কঠিন প্রতিপক্ষ বলে মনে হচ্ছে তাদের।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক অ্যালান বোর্ডারের মনে তা থেকে থাকলেও এই সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ক্রিকেটীয় যুক্তিই দিলেন। শেষে ঘোষণা করলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই আমি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ফাইনালের কথা বলেছিলাম। সেই কথা থেকে সরছি না।’ কেভিন পিটারসেন ‘ফিফটি-ফিফটি’র নিরাপদ পথে হাঁটলেন। আর ব্রায়ান লারা সরাসরি কিছু বললেনই না।
তা শুরুতেই যে ‘কে জিতবে’র চেয়ে ‘কে হারবে’ প্রশ্নটা বড় হয়ে ওঠার কথা বলা হলো, সেটির কী রহস্য? রহস্য লুকিয়ে বিশ্বকাপ ইতিহাসে। যেটি বলছে, সেমিফাইনালে কীভাবে কীভাবে যেন হারার পথ নিজেরাই বের করে ফেলে এই দুই দল। নিউজিল্যান্ড এর আগে ৬টি সেমিফাইনাল খেলেও ফাইনালের মুখ দেখেনি। দক্ষিণ আফ্রিকা তিনবার সেমিফাইনাল খেলে একবারই শুধু হারেনি। তবে এজবাস্টনে ১৯৯৯ বিশ্বকাপের সেই সেমিফাইনালে ‘টাই’ তো পরাজয়ের চেয়েও মর্মান্তিক।
নকআউট ম্যাচে দক্ষিণ আফ্রিকার ‘চোকিং’-এর ইতিহাসও ওই ম্যাচ দিয়েই শুরু। কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তাই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন এক মাইলফলক। বিশ্বকাপে প্রথম নকআউট পেরোনো এমনই আনন্দ বয়ে এনেছে যে, দেশটির ক্রীড়ামন্ত্রীর সোৎসাহ অভিনন্দন পর্যন্ত পেয়ে গেছেন এবি ডি ভিলিয়ার্সরা।
দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ অপবাদ একদিন না একদিন ঘুচতই। সেটি ডি ভিলিয়ার্স জমানাতেই হওয়ার কথা ছিল। কোনো সমস্যা সমাধান করতে আগে সমস্যাটা মানতে হয়। ডি ভিলিয়ার্সই প্রথম নিজেদের ‘চোকার্স’ বলে মেনে নিয়ে সামনে তাকানোর গান গেয়েছিলেন। সেমিফাইনালের আগে কাল ইডেন পার্কে সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা উঠল। ডি ভিলিয়ার্স একটুও বিব্রত না হয়ে জবাব দিলেন, ‘প্রথমে এটি নিয়ে আমরা কাতর বোধ করেছি, এর পর লড়াই করেছি। পার্থক্য হলো পরে আমরা এটি মেনে নিয়ে তার পর লড়াই করেছি।’
এই বিশ্বকাপে সাতে সাত নিউজিল্যান্ড। ওয়ানডে জিতেছে টানা ৯টি। বিশ্বকাপ শুরুর চার দিন আগের প্রস্তুতি ম্যাচটাও ধরলে টানা ১০ ম্যাচে জয়। সেই ম্যাচটিকে অনেকে ধরছেন, কারণ তাতে প্রতিপক্ষ ছিল এই দক্ষিণ আফ্রিকাই।
দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে উত্তরণ এমন তরতর করে জয়ের সিঁড়ি বেয়ে নয়। ভারত ও পাকিস্তানের কাছে দুটি ম্যাচে হারতে হয়েছে। তার পরও নকআউট-জুজু জয় করার কারণেই কি না, ডি ভিলিয়ার্স ঘোষণা করে দিতে পারছেন, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেললে এই টুর্নামেন্টে কেউ আমাদের ঠেকাতে পারবে না।’
কিন্তু সামর্থ্য অনুযায়ী খেলাটা তো আপেক্ষিক। প্রতিপক্ষ কেমন খেলছে, সেটির ওপরও যা অনেকটাই নির্ভর করে। তা আজ সেমিফাইনালের দুই দলই যদি নিজেদের পুরো সামর্থ্য মেলে ধরে, তা হলে কী হবে? নিরাপদ উত্তর হলো—রোমাঞ্চকর এক ম্যাচ হবে।
প্রথমে নিউজিল্যান্ডের পক্ষে যুক্তিগুলো সাজানো যাক—
: ২০১৩ সালে বাংলাদেশে ৩-০-তে ওয়ানডে সিরিজ হেরে আসা দলটি একসময় র্যাঙ্কিংয়ে নয় নম্বরে নেমে গিয়েছিল। সেখান থেকে উঠে এসেছে চার নম্বরে। সর্বশেষ ‘বাংলাওয়াশ’-এর পর ৩৬ ম্যাচের ২৩টিতেই জয়, হার মাত্র ৯টিতে।
: এই বিশ্বকাপে বাধ্যতামূলক পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানরেট কিউইদের (৭.৫৪), উইকেটও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ (১৬)।
: শুরুতেই ম্যাককালামকে ফেরালেই নিউজিল্যান্ড শেষ—বিশ্বকাপ শুরুর দিকের এই ধারণা এখন আর ধোপে টিকছে না। নায়ক হয়েছেন অনেকেই—কখনো ম্যাককালাম, কখনো অ্যান্ডারসন, কখনো সাউদি, উইলিয়ামসন, ভেট্টোরি বা গাপটিল।
এবার দক্ষিণ আফ্রিকা—
: এই বিশ্বকাপে ম্যাচের নির্ধারক হয়ে ওঠা শেষ ১৫ ওভারে সর্বোচ্চ রানরেট (১১.৮৪), এই সময়ে বোলিংয়ে সেরা ইকোনমি রেটও (৫.৭৮) দক্ষিণ আফ্রিকার।
: সেঞ্চুরি করেছেন দলের পাঁচ ব্যাটসম্যান (নিউজিল্যান্ডের পক্ষে শুধু গাপটিল)।
: নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ ৫টি ওয়ানডের ফল দক্ষিণ আফ্রিকার পক্ষে ৫-০।
কী বুঝলেন? এই তর্ক আসলে যুক্তি দিয়ে মীমাংসার নয়, এ-ই তো! তা হলে দুই দলের সেরা দুই স্পিনারই কি আজকের ম্যাচে প্রতীকী হয়ে দাঁড়াচ্ছেন?
ড্যানিয়েল ভেট্টোরি ও ইমরান তাহির দুজনেরই যে এই বিশ্বকাপে সমান ১৫ উইকেট!