প্রসন্নর ব্যাটে শ্রীলঙ্কার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম জন্মদিনটা সাতসকালেই পানসে হয়ে গেল মাহেলা জয়াবর্ধনের। ৪ রান নিয়ে দিন শুরু করেছিলেন, জন্মদিনে করতে পারেননি একটি রানও। জেমস অ্যান্ডারসনের আউট সুইঙ্গারে বারবার পরাস্ত হয়ে ব্যাট ছোঁয়াতে পারলেন একটি ইনসুইঙ্গারে, স্লিপে দারুণ ক্যাচ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের।মাহেলা না পারলেও ঠিকই আলো ছড়িয়েছেন আরেক জয়াবর্ধনে। তাঁর সামর্থ্যে আস্থা রেখেই মাত্র পাঁচজন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলছে শ্রীলঙ্কা। আস্থার জবাব দারুণভাবেই দিয়েছেন প্রসন্ন জয়াবর্ধনে। ইংল্যান্ডে নিজের প্রথম টেস্ট ইনিংসেই উইকেটকিপার-ব্যাটসম্যান করেছেন দারুণ এক সেঞ্চুরি। লোয়ার অর্ডারদের নিয়ে তাঁর লড়াই শ্রীলঙ্কাকে এনে দিয়েছে ৪০০ রান। ব্যাট হাতে শুরুটা ভালো করেছিল ইংল্যান্ডও, তবে দিনের শেষ ওভারে অ্যান্ড্রু স্ট্রাউসকে তুলে নিয়েছেন সুরাঙ্গা লাকমল।মাহেলার মতো ব্যর্থ আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানাও। ১৫৪ বলে ৫৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলেন, কাল ৩৭ বল খেলে যোগ করতে পেরেছেন আর ৮ রান। ১৭তম টেস্টে প্রথম উপমহাদেশের বাইরে খেলতে এসে টেম্পারমেন্টের পরীক্ষায় অবশ্য উতরে গেছেন ভালোভাবেই। ৪ উইকেটে ১৫৯, ম্যাচে দারুণভাবেই ফিরে এসেছিল ইংল্যান্ড। ইংল্যান্ডে আগের ৪ ইনিংসে থিলান সামারাবীরার মোট রান ছিল ১৭। আর প্রসন্ন তো আগে উইকেটকিপার, পরে ব্যাটসম্যান। শ্রীলঙ্কাকে উদ্ধার করলেন এই দুজনই। পঞ্চম উইকেটে ৮৪ রানের জুটি গড়েছেন দুজন। দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই সামারাবীরাকে ফিরিয়ে দিয়েছেন অ্যান্ডারসন।তবে মাহারুফ-পেরেরা-হেরাথদের নিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন প্রসন্ন। অভিষিক্ত থিসারা পেরেরার সঙ্গে সপ্তম উইকেটে গড়েছেন ৬৮ রানের জুটি, অষ্টম উইকেটে রঙ্গনা হেরাথকে নিয়ে ৫১। ট্রেমলেটকে মিড উইকেটে ফ্লিক করে তিন অঙ্ক ছুঁয়েছেন প্রসন্ন ১৪৭ বলে। পেরেরাকে মিড অনে ট্রেমলেটের ক্যাচ বানিয়ে স্টুয়ার্ট ব্রড পেয়েছেন ক্যারিয়ারের শততম টেস্ট উইকেট। শেষ ৩ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা ৩ রানে। তথ্যসূত্র: স্টার ক্রিকেট।